সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
হাতিয়ায় মসজিদের ইমামকে পিটিয়ে আহত করার অভিযোগ
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৬:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় তারাবির নামাজ শেষে মসজিদ থেকে টেনে-হিঁচড়ে বের করে এক ইমামকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। স্থানীয়রা আহত ইমামকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 
মঙ্গলবার (৩ মার্চ) রাত ১০টার দিকে চরকিং ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের চরবগুলা গ্রামের হাজী রগবত আলী জামে মসজিদে এ ঘটনা ঘটে।
 
আহত ইমাম রবিয়ল হোসেন একই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই মসজিদে ইমামতি করে আসছেন।
  
জানা যায়, রবিয়ল হোসেন জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীকের প্রার্থীর একজন সমর্থক ছিলেন এবং তার বিজয়ের জন্য দুই খতম কোরআন মানত করেন। বিষয়টি ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। অভিযোগ রয়েছে, তারা কয়েকবার তাকে মারধরের চেষ্টা করেও ব্যর্থ হয়।

ঘটনার দিন ইমাম রবিয়ল হোসেন যথারীতি তারাবির নামাজে ইমামতি করেন। নামাজ শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তার পথরোধ করে। এ সময় তিনি মোটরসাইকেল ফেলে দৌড়ে পুনরায় মসজিদে আশ্রয় নেন। কিন্তু হামলাকারীরা ইমামের কক্ষের দরজা ভেঙে তাকে টেনে-হিঁচড়ে বাইরে এনে বেদম মারধর করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ভুক্তভোগীর পিতা মোহাম্মদ হোসেন বলেন, ‘রুবেল, বাবুল, ওসমান, সুমন, মিরাজ, আকরাম, শাখাওয়াত, শাহারাজ ও আশরাফসহ কয়েকজন আমার ছেলের ওপর হামলা চালায়। সে এনসিপি সমর্থক হওয়ায় মসজিদ থেকে টেনে বের করে তাকে মারধর করা হয়। হামলাকারীরা তার মোবাইল ফোন, মোটরসাইকেল এবং মসজিদের কিছু টাকা-পয়সাও নিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে না এলে আমার ছেলেকে হয়তো প্রাণে মেরে ফেলত।’

তিনি আরো বলেন, ‘অভিযুক্ত রুবেল চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। বাকীরা সবাই আগে আওয়ামীলীগ করলেও বর্তমানে বিএনপির সাথে জড়িত। আমি প্রশাসনের নিকট এ ঘটনার বিচার চাই।’
  
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার রবিয়ল ইসলাম জানান, আহতের পিঠ, পায়ের গোড়ালি ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তার চিকিৎসা চলছে।
  
আহত ইমামকে দেখতে এসে স্থানীয় সাংসদ আবদুল হান্নান মাসউদ বলেন, ‘নির্বাচনে পরাজিত প্রার্থী ও তার লোকজন পুরো হাতিয়ায় এক সন্ত্রাসী তান্ডব শুরু করেছে। সন্ত্রাসী হামলা করে মানুষের উপর ঝাল মেটাচ্ছে। মানুষ কেউ কারও জন্য দোয়া করুক—এ সন্ত্রাসীরা তাও সহ্য করতে পারে না। একজন মানুষ আমার জন্য কোরআন খতম করে দোয়া করছিল—সেজন্য তাকে মসজিদ থেকে টেনে বের করে নির্মমভাবে আঘাত করা হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি। তিনি যেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার লোকজন দিয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করেন।’

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ‘আমি আহত মসজিদের ইমামকে দেখতে হাসপাতালে গিয়েছি এবং তার পরিবারের খোঁজ খবর নিয়েছি। ইতোমধ্যে স্বেচ্ছাসেবকদলের রুবেলকে পদ থেকে বহিস্কার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি সরকার সন্ত্রাস পছন্দ করেন না। যেই শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করবে, তাকে ছাড় দেওয়া হবে না।’
 
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  হাতিয়া    ইমাম    আহত    অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close