মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
শিরোনাম: গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন      হামে আরও তিন শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০৮০      পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে না যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      ডিএসইর গণছাঁটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি কর্মকর্তাদের      দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রধানমন্ত্রী      অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      
খোলাকাগজ স্পেশাল
ইতালি যাওয়ার স্বপ্ন বন্দি লিবিয়ায়
মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল)
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৯:৫০ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া  উপজেলার বিভিন্ন গ্রামের অন্তত অর্ধশতাধিক যুবকের ইতালি যাওয়ার স্বপ্ন এখন লিবিয়ায় বন্দি হয়ে পড়েছে। জিম্মি অবস্থায় লিবিয়ায় তাদের মানবেতর দিন কাটাচ্ছেন। গত বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মুক্তিপণ দিয়ে লিবিয়া থেকে ১৫ যুবক দেশে ফিরেছেন। তাদের অধিকাংশই আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন। 

এরই মধ্যে ইতালি পাঠানোর নামে বরিশালের তিন যুবককে লিবিয়ায় পাচার করে  শারীরিক ও মানসিক নির্যাতন এবং মুক্তিপণসহ প্রত্যেকের কাছ থেকে ২৪ লাখ টাকা করে হাতিয়ে নেওয়ার অভিযোগে মানব পাচার চক্রের ৫ সদস্যের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩/৪ সদস্যকে আসামি করে বরিশাল মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। 

সম্প্রতি দেশে ফিরে এসে গত ৮ ফেব্রুয়ারি আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট ডুমুরিয়া গ্রামের মেহেদী হাসান খান ও গত ২৫ জানুয়ারি গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা মাদারীপুর গ্রামের আব্দুল হামিদ এবং গত ৫ জানুয়ারি পশ্চিম সমরসিংহ গ্রামের আব্দুর রহিম সরদার বাদী হয়ে ওই পৃথক তিনটি মামলা দায়ের করেন।  

ট্রাইব্যুনালের বিচারক নালিশি অভিযোগ ৩টি আমলে নিয়ে গৌরনদী ও আগৈলঝাড়া থানার ওসিকে মামলাটি রুজু (নথিভুক্ত) করার নির্দেশ দেন। ওই তিনটি মামলায় আসামি করা হয়েছে, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামের মৃত আইউব আলীর ছেলে জামাল মোল্লা (৫০), তার ইতালি প্রবাসী দুই ছেলে জাকির মোল্লা (৩৫) ও সাকিব মোল্লা (৩৩), জামাল মোল্লার দুই শ্যালক পূর্ব ডুমুরিয়া গ্রামের মৃত বুদাই বেপারীর ছেলে বাবুল বেপারী (৪৫), হাবুল বেপারী ওরফে হাবুল মেম্বার (৪২)। 

গৌরনদী থানায় তদন্তাধীন ২টি মানব পাচার মামলার আসামি জামাল মোল্লা ও তার  ২ শ্যালক বাবুল বেপারী, হাবুল বেপারী বর্তমানে বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছে। জামালের দুই ছেলে ইতালি প্রবাসে (বিদেশে) থাকায় মামলার তদন্ত ধীর গতিতে চলছে বলে সংশ্লিষ্টরা জানায়।

বাদীদের ভাষ্য মতে, বাদীরা জিজ্ঞাসা করলে জামাল মোল্লা প্রকাশ করেন, তাকে  (জামাল) ১৬ লাখ টাকা দিলে তার ইতালি প্রবাসী দুই ছেলে জাকির মোল্লা ও সাকিব মোল্লার মাধ্যমে বৈধভাবে ওয়ার্ক পারমিট দিয়ে ইতালি নিয়ে মোটা অঙ্কের বেতনে চাকরি দিতে পারবেন। ওই কথায় আশ্বস্ত হয়ে বাদীরা জমি বিক্রি, ঋণ ও ধারদেনা করে সাক্ষীদের উপস্থিতিতে বাবুল বেপারী, হাবুল বেপারীর সম্মতিক্রমে জামাল মোল্লার হাতে নগদ ১ লাখ থেকে ৪ লাখ টাকা করে প্রদান করেন। দ্রুত ইতালি পাঠানোর জন্য মাঝে মাঝে জামাল মোল্লা ভিডিও কলে ইতালি প্রবাসে থাকা তার দুই ছেলে জাকির মোল্লা ও সাকিব মোল্লার সঙ্গে কথা বলে তাদের (বাদীদের) আশ্বস্ত করত। ভিডিও কলে বিদেশ থাকা ছেলেদের দেখানো হয়। আসামিদের দেওয়া পূবালী ও ইসলামী ব্যাংক পিএলসি শাখায় একাউন্টে বাদী ও তার স্বজরনা বিভিন্ন সময়ে ১২ লাখ থেকে ১৫ লাখ টাকা প্রেরণ করে প্রত্যেকে মোট ১৬ লাখ টাকা করে পরিশোধ করেন।

বাদী মেহেদী হাসান জানায়, আসামিরা বাংলাদেশ থেকে গত ২৬ আগস্ট তাকে ইতালির উদ্দেশ্যে পাঠিয়ে প্রথমে সৌদি আরব নিয়ে যায়। এরপর তাকে সেখান থেকে মিশর হয়ে লিবিয়া নিয়ে অজ্ঞাতস্থানে আটকে রাখেন। তাকে ঠিকমতো খাবার না দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের পর লিবিয়ার পুলিশ দিয়ে গ্রেপ্তার করে বেনগাজির বাংকিনা কারাগারে পাঠানো হয়। সেখানে সে (মেহেদী) প্রায় দেড় মাস কারাবন্দি ছিলেন। পরবর্তীতে বিভিন্ন লোকের মোবাইল দিয়ে মেহেদী ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে তার করুন অবস্থার কথা জানান। মেহেদীর কোনো খোঁজ খবর না পেয়ে সাক্ষীরা জিজ্ঞাসা করলে জামাল মোল্লা জানায়, মেহেদীকে ইতালি কোস্টগার্ড রিসিভ করেছে।

মেহেদীর অভিভাবকরা জামাল, বাবুল বেপারী, হাবুল বেপারীর সঙ্গে যোগাযোগ করলে তারা ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিলে মেহেদী  লাশ হয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়। এরপর ধারদেনা করে দাবিকৃত  ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে স্বজনরা গত ৪ জানুয়ারি মেহেদীকে দেশে ফেরত আনে। দেশে ফিরে জানতে পারেন, তিনি একা নন, আরও ১৫ যুবক দেশে ফিরে এসেছে। অনেকে নিখোঁজ রয়েছে। গৌরনদ থানায় একই চক্রের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। কোথাও ২৪ লাখ, কোথাও ২৫ লাখ টাকা করে নেওয়ার অভিযোগ। প্রতিটি মামলাতে জামাল মোল্লা, তার দুই শ্যালক এবং বিদেশ থাকা দুই ছেলের নাম ঘুরে ফিরে এসেছে।

লিবিয়াবন্দি একাধিক যুবকের অভিভাবক জানান, ঋণ, ধারদেনা ও জমি বিক্রি করে মানব পাচারকারী দালালচক্রের সদস্য গৌরনদীর ইতালি প্রবাসী জাকির মোল্লা, বগুড়ার ইতালি প্রবাসী সাজু ও কুষ্টিয়ার লিটনের কাছে গৌরনদী উপজেলার ৬০ যুবক ও আগৈলঝাড়া উপজেলার ১০ যুবকসহ  ৫ দালালের কাছে কয়েক জেলার ১০৮ যুবক বডি কন্ট্রাক্টে প্রত্যেকে ১৫ থেকে ১৮ লাখ টাকা করে দিয়ে ভূমধ্যসাগর হয়ে ইতালির পথে পা বাড়িয়েছিলেন। 

দালালরা লিবিয়ায় ৪/৫ সহযোগীর মাধ্যমে লিবিয়ার বেনগাজি থেকে ৮ ও ২২ সেপ্টেম্বর রাতে ৩টি স্পিড বোটে গৌরনদীর ৬০ যুবক ও আগৈলঝাড়ার ১০ যুবকসহ ১০৮ বাংলাদেশিকে ভূমধ্যসাগর পথে ইতালির উদ্দেশে পাঠায়। ওই ৩টি বোট ১০ থেকে ২০ ঘণ্টা চলার পর লিবিয়া কোস্টগার্ড ওই ৩টি স্পিডবোট থেকে গৌরনদী ও আগৈলঝাড়ার ৭০ যুবকসহ ১০৮ বাংলাদেশিকে আটক করে বাংকিনা কারাগারের পাশে গাড়ির একটি গ্যারেজের ভেতর বন্দি করে রাখে। 

এ খবর পেয়ে ১৬ অক্টোবর গৌরনদীতে দালাল জাকির মোল্লার বাড়িতে জড়ো হন নিখোঁজ যুবকদের স্বজনরা। জাকিরের মা ও বোনকে গৃহবন্দি করে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর  মানব পাচার চক্রের মূলহোতা জাকির মোল্লা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ৭০ যুবককে কারাগার থেকে বের করে দালালের জিম্মিায় রাখেন। এরমধ্যে ১৫ যুবক দেশে ফিরে এসেছে। সময় পেলেই অর্ধশতাধিক যুবক সাগর পাড়ি দিবেন। 

গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, থানায় ২টি মানব পাচার মামলার তদন্তে অনেক অগ্রগতি হয়েছে। এ মামলার এজাহারভুক্ত তিন আসামি বর্তমানে বরিশাল কারাগারে ও দুই আসামি বিদেশে রয়েছে। 

মেহেদীর মামলার তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার এসআই মো. মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামি জামাল মোল্লা ও বাবুল মোল্লা কারাগারে আছেন। আসামি হাবুল বেপারী পলাতক রয়েছে। অপর দুই আসামি বিদেশে অবস্থান করছেন। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ইতালি   বন্দি   লিবিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close