রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার বিক্রি, বুড়িচংয়ে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪:৪২ পিএম আপডেট: ০৬.০৩.২০২৬ ৫:০২ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রীর চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন বাজার, সড়ক ও অলিগলিতে খোলা আকাশের নিচে ইফতারি বিক্রি বেড়েছে। তবে এসব খাবার ধুলাবালি, ধোঁয়া ও মাছির আক্রমণে উন্মুক্ত থাকায় জনস্বাস্থ্যে ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

সদর পৌরসভার বাজার, কংশনগর বাজার, ভরাসার বাজার, ময়নামতি বাজার এবং রাস্তাঘাটের অলিগলিতে গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলোতে দেখা যায়, বড় বড় টেবিলের ওপর কোনো ধরনের ঢাকনা ছাড়াই সাজিয়ে রাখা হয়েছে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, বুট, জিলাপি, ছোলা ও বিভিন্ন ভাজাপোড়া। যানবাহনের ধোঁয়া ও রাস্তার ধুলাবালি সরাসরি এসব খাবারের ওপর পড়ছে। অনেক দোকানেই নেই হাত ধোয়ার ব্যবস্থা কিংবা বিশুদ্ধ পানির নিশ্চয়তা।

স্থানীয় বাসিন্দারা জানান, বিক্রেতাদের অধিকাংশ অস্থায়ীভাবে দোকান বসান। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তেমন কোনো তদারকি নেই। ফলে প্রতিদিন অসংখ্য মানুষ ঝুঁকি নিয়ে এসব খাবার কিনে ইফতার করছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এ ধরনের খাবার মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

চিকিৎসকদের মতে, খোলা পরিবেশে দীর্ঘ সময় খাবার রাখলে তাতে জীবাণু দ্রুত বৃদ্ধি পায়। ধুলাবালি ও মাছির মাধ্যমে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েডসহ নানা পানিবাহিত ও খাদ্যবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। রমজান মাসে অতিরিক্ত তেলযুক্ত ও ভাজাপোড়া খাবারের সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশ যুক্ত হলে ঝুঁকি আরও বেড়ে যায়।

এ বিষয়ে একাধিক ইফতার বিক্রেতা বলেন, বিক্রির সুবিধার্থে খোলা জায়গায় দোকান বসানো হয়। তবে আমরা চেষ্টা করি খাবার পরিষ্কার রাখতে। যদিও বাস্তবে অধিকাংশ দোকানেই স্বাস্থ্যবিধি মানার দৃশ্য চোখে পড়ে না।

সচেতন নাগরিকরা বলছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা জরুরি।

পাশাপাশি বিক্রেতাদেরও সচেতন হয়ে খাবার ঢেকে রাখা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিশুদ্ধ পানির ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

রমজানের পবিত্রতা ও জনস্বাস্থ্যের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা বুড়িচংবাসীর।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  অস্বাস্থ্যকর   ইফতার   বুড়িচং   স্বাস্থ্যঝুঁকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close