কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ও আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। মানববন্ধন থেকে সন্ত্রাসীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে কিশোরগঞ্জ সাংবাদিক সমাজ।
শুক্রবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কালীবাড়ি চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে কিশোরগঞ্জের সাংবাদিক সমাজ।
মানববন্ধনে অংশ নেয় কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, কিশোরগঞ্জ প্রেস ক্লাব, কিশোরগঞ্জ জেলা প্রেস ক্লাব, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
মানববন্ধনে পেশাগত দায়িত্ব পালনকালে এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক নেতারা। সেইসঙ্গে সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি নাসিম খান, সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরী, প্রতিদিনের বাংলাদেশের মধ্যাঞ্চল প্রধান সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, কিশোরগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও জিটিভির প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী সোহেল, কিশোরগঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এসকে রাসেল, জেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি মুস্তফা কামাল।
মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য সাংবাদিক খায়রুল আলম ফয়সাল ও ফয়জুল ইসলাম ভূইয়া পিংকুর ওপর হামলা করেছে। সন্ত্রাসীরা বারবার সাংবাদিকদের ওপর হামলা করার কারণ কি? তারা চায় গণমাধ্যমকে থামিয়ে দিতে- দেশে দুর্নীতি-অনিয়ম চলবে, জবাবদিহিতা থাকবে না।
তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলায় বোঝা যায় গণমাধ্যম বর্তমান সময়ে নিরাপদ নয়। এভাবে একের পর সাংবাদিকদের ওপর হামলা করে গণমাধ্যমকে যারা থামিয়ে দিতে চায় তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। সাংবাদিকদের ওপর হামলা বর্তমান সময়ে বেড়েছে- এটা নিরাসন জরুরি। সাংবাদিকদের ওপর হামলা বন্ধ না হলে গণমাধ্যম হুমকির মুখে পড়বে।
মানববন্ধনে নূর মোহাম্মদ বলেন, ‘সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে যেইভাবে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা এটা ন্যাক্কারজনক। এমন ঘটনা মুক্ত গণমাধ্যমের জন্য হুমকি ও গোটা জাতির জন্য অশনিসংকেত। আমরা চাই দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’
নাসিম খান বলেন, ‘সাংবাদিকদের ওপরে যে হামলাটি হয়েছে এটি অত্যন্ত দুঃখজনক। সাংবাদিকদের ওপর এভাবে আক্রমণ ও সন্ত্রাসী কার্যকলাপ আমরা চাই না। আমাদের আহ্বান থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রের কাছে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের নিরাপত্তার জায়গাটি তারা নিশ্চিত করবে। পাশাপাশি হামলার ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনা হোক।’
সাইফুল হক মোল্লা দুলু বলেন, ‘যেই মসজিদের সভাপতি জেলা প্রশাসক সেখানে এমন হামলার ঘটনা মেনে নেয়া যায় না। শুনেছি পাগলা মসজিদের প্রতিদিনের নিলামে সিন্ডিকেট তৈরি করে লাখ লাখ টাকা লুটে নেয়া হচ্ছে সেই অনিয়ম সিন্ডিকেটের সংবাদ পরিবেশ করতে গিয়ে এই হামলা ঘটনা ঘটেছে। সিসিটিভির ফুটেজ দেখে আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’
আহতরা হলেন চ্যানেল টোয়েন্টিফোরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল (৩৭) এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু (৪২)। তারা দুজনই কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
হামলার ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কেকে/ এমএস