মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
জাতীয়
সংসদকে শুধু প্রাণবন্ত নয়, কার্যকর করতে হবে : চিফ হুইপ
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৭:৪০ পিএম আপডেট: ০৮.০৩.২০২৬ ৭:৪২ পিএম
চিফ হুইপ মো. নূরুল ইসলাম | ছবি: প্রতিনিধি

চিফ হুইপ মো. নূরুল ইসলাম | ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, ‘সংসদকে শুধু প্রাণবন্ত করলেই হবে না, এটিকে কার্যকর করতে হবে। বাংলাদেশের সব জাতীয় সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট। সংসদকে কেন্দ্র করেই দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও বিতর্ক হওয়া উচিত।’
  
রোববার (৮ মার্চ) সকালে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় নূরুল ইসলাম আরও বলেন, ‘আমাদের একটি প্রচলিত ধারণা আছে, সংসদকে শুধু প্রাণবন্ত করতে হবে। কিন্তু এই ধারণা পরিবর্তন করতে হবে। এখন থেকে সংসদকে শুধু প্রাণবন্ত নয়, কার্যকর করতে হবে। বাংলাদেশের সকল জাতীয় সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট। সকল কাজের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট।’
 
তিনি বলেন, ‘সংসদকে কার্যকর করা খুবই গুরুত্বপূর্ণ। প্রাণবন্ততা তার সঙ্গে থাকবেই। এ লক্ষ্যে সরকার কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের নির্দেশনায় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ ১২ মার্চ থেকে সংসদ অধিবেশন শুরু হবে এবং এটি অত্যন্ত প্রাণবন্ত ও কার্যকর সংসদ হবে।’
  
বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে চিফ হুইপ বলেন, ‘সংসদে সবচেয়ে বেশি সুযোগ সাধারণত বিরোধী দলই গ্রহণ করে থাকে। সেই সুযোগ দেওয়ার জন্য সরকার প্রস্তুত রয়েছে। জাতীয় সব বিষয়ে সংসদে বিতর্ক হোক—এটাই আমাদের প্রত্যাশা।’
   
প্রথম অধিবেশন নিয়ে এক প্রশ্নের জবাবে নূরুল ইসলাম বলেন, ‘এবারের অধিবেশন কিছুটা ব্যতিক্রমধর্মী হবে। কারণ, বর্তমান স্পিকার ও ডেপুটি স্পিকার পদত্যাগ করেছেন। ফলে নতুন করে তাদের নির্বাচন করতে হবে। প্রথম দিন সংসদ কক্ষে স্পিকারের চেয়ার খালি থাকবে। তখন সংসদ নেতা একজন সিনিয়র সদস্যকে অস্থায়ীভাবে সভাপতিত্ব করার জন্য প্রস্তাব করবেন। তার সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হবে। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তারপর সংসদের সকল কার্যক্রম যথারীতি চলবে।’
 
প্রথম অধিবেশনে আইন প্রণয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘সংসদ অধিবেশন না থাকা কালে অনেক সময় অর্ডিন্যান্স জারি করা হয়। সংবিধানের বিধান অনুযায়ী সংসদ বসলে সেগুলো সংসদে উপস্থাপন করতে হয়। বর্তমানে প্রায় ১৩৩টি অর্ডিন্যান্স রয়েছে, যেগুলো সংসদে টেবিলে উপস্থাপন করা হবে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী এসব অর্ডিন্যান্স সংসদে উপস্থাপনের পর নির্দিষ্ট সময়ের মধ্যে অনুমোদন দিতে হয়। ফলে এগুলো নিয়ে সংসদে অনেক কাজ থাকবে।’

জনগণের উদ্দেশে নূরুল ইসলাম বলেন, ‘বিএনপি গত ১৭ বছর ধরে একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। সেই আন্দোলনের লক্ষ্য ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা ও মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা।’

‘দলের নেতা ও বর্তমান সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই এ আন্দোলন সংঘটিত হয়েছে। আল্লাহর রহমত এবং জনগণের সমর্থনে তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে এসেছেন।’
 
চিফ হুইপ জানান, তাদের ৩১ দফা কর্মসূচি রয়েছে, যা ২০২৩ সালে প্রণয়ন করা হয়েছে। সেই কর্মসূচি এবং সাম্প্রতিক সংস্কারগুলোর আলোকে দেশ পরিচালনার পরিকল্পনা রয়েছে। লক্ষ্য হচ্ছে দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং গণতন্ত্রকে শক্তিশালী করা।

তিনি বলেন, ‘প্রথম বৈঠকেই প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, ১০ হাজার টাকা করমুক্ত রেখে ফ্যামিলি কার্ড চালু করা হবে। ১০ তারিখে কৃষি ফ্যামিলি কার্ড আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। এছাড়া কৃষি কার্ড, প্রবাসী কার্ডসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে।’

কৃষক, খতিব ও ধর্মীয় ব্যক্তিদের তালিকা নেওয়ার কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। এর মাধ্যমে তাদের সরকারিভাবে ভাতা দেওয়া এবং রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার উদ্যোগ নেওয়া হবে।

নূরুল ইসলাম বলেন, ‘সরকার সবাইকে নিয়ে চলতে চায়। সরকারি দল ও বিরোধী দল—সবাইকে এক মঞ্চে এনে সংসদকে কার্যকর করার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী যে রাজনৈতিক সংস্কৃতি শুরু করেছেন, সেটি হচ্ছে সব পক্ষকে সমন্বয়ের মাধ্যমে এগিয়ে নেওয়া।’
  
তিনি বলেন, ‘ইতোমধ্যে বিরোধী দল থেকে একজনকে ডেপুটি স্পিকার করার প্রস্তাব দেওয়া হয়েছে। সংসদকে সত্যিকার অর্থে কার্যকর করা, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং দেশের মানুষের মুক্তি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই যা যা প্রয়োজন, তা করার চেষ্টা করা হবে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  সংসদ    চিফ হুইপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close