মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      
দেশজুড়ে
সৌদিতে মিসাইল হামলায় নিহত বাচ্চুর বাড়িতে শোকের মাতম
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:৫২ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

“আমাদের সংসারের একমাত্র আলোটা নিভে গেছে গো, আমার তিন এতিম ছেলেমেয়ের এখন কী হবে গো আল্লাহ!”—এভাবেই শোকের মাতম করে চলেছেন সৌদিতে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়ার স্ত্রী জোছনা আক্তার। 

বসন্তের মেঘলা আকাশের মধ্যে তাদের পরিবারে হঠাৎ একটি খবরে যেন নেমে এসেছে কালবৈশাখীর ঝড়। সৌদি আরবে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চু মিয়ার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। জোছনার আর্তনাদে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সবার চোখে লোনা জল। এতিম শিশুদের কোলে নিয়ে স্বজনরা কাঁদছেন। মানবিক এ দৃশ্য সবাইকে আহত করছে।

রোববার (৮ মার্চ) সৌদি স্থানীয় সময় ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ইরানের ছোড়া মিসাইল বিস্ফোরণে বাচ্চু মিয়াসহ দুইজন বাংলাদেশি নিহত হন। অপরজনের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। ক্যাম্পটির কাছাকাছি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এই মিসাইল হামলা হয়েছে বলে জানা যায়।

নিহত বাচ্চু মিয়া কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের মৃত রইস উদ্দিনের মেঝো ছেলে। 

নিহত বাচ্চু মিয়া (৩৫) এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক। তাদের মধ্যে একজন মানসিক প্রতিবন্ধী। তার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পিতাকে হারিয়ে নির্বাক তাকিয়ে রয়েছে ছেলেমেয়েরা।

সোমবার (৯ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাচ্চু মিয়ার বাড়িতে এলাকাবাসীর ভিড়। জরাজীর্ণ একটি ঘরে নিহতের স্ত্রী জোছনা আক্তার বিলাপ করছেন। পাশেই ছেলেমেয়েরা পিতার জন্য আর্তনাদ করছিল। দারিদ্র্য ও অসচ্ছলতা স্পষ্ট দেখা যায় পরিবারে। 

জানা যায়, অভাবের তাড়নায় সংসারের স্বচ্ছলতা আনতে পাঁচ বছর আগে সৌদি আরবে যান বাচ্চু। কিন্তু এতদিনেও তিনি তার পরিবারের স্বচ্ছলতা আনতে পারেননি। জরাজীর্ণ ঘরে তিন ছেলেমেয়েকে নিয়ে থাকেন তার স্ত্রী। অভাব-অনটন তাদের চিরচেনা দৃশ্য। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে সবার চোখেমুখে অন্ধকারের কালো মেঘ জমে আছে। পরিবার ও ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পরিবারের পাশাপাশি এলাকাবাসীও।

স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম সবুজ ও মোবারক হোসেন বলেন, তারা খুবই হতদরিদ্র। পরিবার ও ছেলেমেয়েদের দায়িত্ব নিতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি দ্রুত মরদেহ ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।

কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন, “কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এ বিষয়ে সার্বিক খোঁজখবর রাখছেন। দলের পক্ষ থেকে আমরা গিয়ে সমবেদনা জানিয়েছি। পাশাপাশি নিহতের পরিবারের পাশে আছি আমরা।”

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বলেন, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের বাড়িতে এসে সার্বিক খোঁজখবর নিয়ে প্রাথমিক সহায়তা করেছি। পরিবারটি খুবই দরিদ্র। পর্যায়ক্রমে আরও সহায়তা দিয়ে সরকার তাদের পাশে থাকবে।”

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  সৌদিতে মিসাইল হামলা   নিহত বাচ্চুর বাড়ি   শোকের মাতম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close