বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম: বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর       কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণমন্ত্রী      রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ      হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      
দেশজুড়ে
মৌলভীবাজারে বার্ড পার্কে মুগ্ধতা ছড়াচ্ছে দুষ্পাপ্য হলুদ শিমুল
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২২ পিএম আপডেট: ১২.০৩.২০২৬ ৭:৩২ পিএম
মৌলভীবাজার বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজে শিমুল গাছের ডালে ডালে ফুটেছে দুষ্প্রাপ্য ও বিরল প্রজাতির হলুদ ফুল | ছবি: খোলা কাগজ

মৌলভীবাজার বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজে শিমুল গাছের ডালে ডালে ফুটেছে দুষ্প্রাপ্য ও বিরল প্রজাতির হলুদ ফুল | ছবি: খোলা কাগজ

বসন্তের একটু ছোঁয়া পেলেই শিমুল গাছে রাশি রাশি ফুল ফুটতে শুরু করে। শিমুল ফুলের রঙ গাঢ় লাল। কখনও ফিকে লাল রঙের ফুলও দেখা যায়। বেশির ভাগ জায়গায় শুধু লাল রঙের শিমুল দেখা গেলেও এবার মৌলভীবাজারে দুষ্প্রাপ্য হলুদ শিমুলের দেখা মিলেছে। 

সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামে অবস্থিত বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজের কাছে যেতেই চোখে পড়ে হলুদ শিমুল গাছটি। প্রায় ১০ ফুট উচ্চতার পাতাঝরা গাছটির ডালে ডালে ফুটে আছে অসংখ্য ফুল। কোথাও একটি, কোথাও দুই-তিনটি, আবার কোনো ডালে একসঙ্গে অনেকগুলো। ডাল জুড়ে রয়েছে সবুজ ও আধফোটা অসংখ্য কলিও। দূর থেকেই ফুলে সজ্জিত গাছটি নজর কাড়ে যে কারও। 
  
এ সময় দেখা যায়, বার্ড পার্কের মসজিদ প্রাঙ্গণে নানা প্রজাতির ফুলগাছের সমাহার। বিশেষ করে একটি গোলাপি কাঞ্চনগাছ লাল হয়ে গেছে ফুলে। ডাল জুড়ে শুধু ফুল আর ফুল। গাছের কোথাও একটুও ফাঁকা নেই, শুধু ফুলে ছাওয়া। এ ফুল সাধারণত শীতের শেষের দিকে বা বসন্তকালে ফোটে। গাছে একসঙ্গে অসংখ্য ফুল ফোটে, যা যে কাউকে মুগ্ধ করে।তবে সবার মাঝেই আলাদা হয়ে চোখে পড়ে এক গাছ, যার ডালে ডালে ফুটে আছে বিরল হলুদ শিমুল। দুষ্পাপ্য এই ফুল দেখতে দূর-দূরান্ত থেকে প্রতিদিনই দর্শনার্থী আসছেন পার্কে। 

স্থানীয়দের ভাষায়, সাধারণত এ অঞ্চলে লাল বা লাল-হলুদ মিশ্র শিমুল ফুল বেশি দেখা যায়। একেবারে হলুদ শিমুল খুবই দুর্লভ। ফুল দেখতে লাল শিমুলের মতোই। এটি উজ্জ্বল হলুদ রঙের ফুল। ফুল ফোটার আগে লাল শিমুলের মতো হলুদ শিমুল গাছের পাতাও ঝরে যায়। গাছের গড়ন, ফোটার সময় এবং ফুলের বিন্যাস একই রকম। ব্যতিক্রম হলো রঙ। হলুদ রঙের শিমুল ফুল সংখ্যায় খুবই কম। এমন ফুল এর আগে এই এলাকায় চোখে পড়েনি। 

বিরল এই শিমুল দেখতে প্রতিদিনই পার্কে ভিড় করছেন কৌতূহলী দর্শনার্থীরা। তারা থমকে দাঁড়ান, ছবি তোলেন। অনেকে বিস্ময়ে বলছেন, শিমুল তো লালই হয়—হলুদও হয় নাকি! 

হলুদ শিমুল দেখতে আসা ইমরান হোসাইন বলেন, ‘শিমুল তো সব সময় লাল দেখেছি। এবার খুবই ব্যতিক্রম হলুদ শিমুল ফুল দেখতে অসাধারণ সুন্দর লাগছে।’
   
আরেক দর্শনার্থী রাবেয়া জামান বলেন, ‘দূর থেকেই গাছটি আলাদা করে চোখে পড়ে। কাছে গিয়ে দেখি ডালে ডালে হলুদ শিমুল ফুল। এই চমৎকার ফুল দেখে মুগ্ধ হলাম, ক্যামেরাবন্দি করলাম।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জাতীয় পরিষদের সদস্য সালেহ সোহেল বলেন, ‘প্রকৃতির বৈচিত্র্য যে কত সমৃদ্ধ, এই গাছ তারই উদাহরণ। এ ধরণের বিরল প্রজাতি টিকিয়ে রাখতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এটি সংরক্ষণ করা জরুরি। বিরল গাছ হিসেবে পরিচর্যা দরকার।’

বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজের ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ উদ্যোক্তা জাহেদ আহমেদ চৌধুরী বলেন, ‘হলুদ শিমুল খুবই দুষ্প্রাপ্য। দুই বছর আগে সাদা, লাল ও হলুদ শিমুল লাগিয়েছিলাম। প্রায় ১০ ফুট উচ্চতার গাছে গত বুধবার (৪ মার্চ) প্রথম হলুদ শিমুল ফুটেছে। দূর-দূরান্ত থেকে অনেকেই দেখতে আসেন। নিজের কাছেও ভালো লাগে। কারণ হলুদ শিমুলের দেখা খুব একটা যায় না। প্রায় সবই লাল ফুল। গাছটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা আছে। এছাড়া বার্ড পার্কে দুর্লভ ও বিরল আরও ফুলের গাছ লাগানোর ইচ্ছা আছে।’
 
তিনি আরও বলেন, ‘হলুদ শিমুল ছাড়াও পার্কে সাদা ও লাল শিমুল গাছগুলোতেও এবার ফুল ফুটেছে। সাদা শিমুলগাছে সবুজ পাতা রয়েছে। অন্য শিমুলের মতো ডাল পাতাশূন্য নয়। এই উদ্ভিদের গা ও ডালপালার রং সবুজ। সাদা শিমুল ফুলও অন্য শিমুলের চেয়ে অনেক ছোট। গাছের বিভিন্ন ডালে থোকা থোকা সাদা ফুল ফুটে আছে। এই ফুলও অনেকটাই বিরল। সাধারণত চোখে পড়ে না।’ 
 
কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু বলেন, ‘এ অঞ্চলে হলুদ শিমুলের দেখা মেলে না বললেই চলে। হলুদ শিমুল একটি দুষ্প্রাপ্য ও বিরল প্রজাতির ফুল। এর উজ্জ্বল হলুদ রঙ সহজেই দৃষ্টি কাড়ে। শীতের শেষে ফাল্গুন-চৈত্রে এই ফুল ফোটে। ফুল ফোটার আগে লাল শিমুলের মতোই হলুদ শিমুলগাছের পাতাও ঝরে যায়। গড়ন ও আকৃতিতে এটি লাল শিমুলের মতোই, তবে রঙের ভিন্নতায় তৈরি করে আলাদা আবেদন। হলুদ ফুল প্রকৃতিকে দেয় এক অনন্য নান্দনিকতা। মাঘের শেষ আর ফাল্গুনের শুরুতে প্রকৃতিতে শোভা পায় শিমুল ফুল। চৈত্রের শেষ দিকে ফল পুষ্ট হয়।’
 
কেকে/এসএ



আরও সংবাদ   বিষয়:  বার্ড পার্ক    মুগ্ধতা    দুষ্পাপ্য    হলুদ শিমুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close