সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
রাস্তার জন্য জমি ছাড়লেন, এখন খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ
মো.সাইফুল ইসলাম, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৭:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার উত্তর ফুলদী গ্রামের চারটি পরিবার জনস্বার্থে নিজেদের রেকর্ডভুক্ত জমি রাস্তার জন্য ছেড়ে দেওয়ার পর উল্টো উচ্ছেদের মুখে পড়েছেন। রাস্তার জন্য অতিরিক্ত জায়গা চলে যাওয়ায় অবশিষ্ট জমিতে নির্মিত দোকানের সামান্য অংশ খালের সীমানায় পড়েছে—এমন অভিযোগে সেগুলো ভেঙে দেওয়ার নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। এতে চরম ভোগান্তি ও আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের পানিশালের চর মৌজার উত্তর ফুলদী গ্রামে গিয়ে এ চিত্র দেখা যায়।

জানা যায়, প্রায় ২৫ বছর আগে গজারিয়া ইউনিয়নের পানিশালের চর মৌজার উত্তর ফুলদী গ্রামে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে খালের পাড় দিয়ে একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। স্থানীয়দের চাপের মুখে আরএস ২৪০, ২৪১, ২৪৮, ২৫০ ও ২৫১ নম্বর দাগের সম্পত্তির মালিকরা জনস্বার্থে আট ফুট করে জায়গা ছেড়ে দেন। এই জমি সরকারিভাবে অধিগ্রহণ করা হয়নি। মালিকরা কোনো ক্ষতিপূরণও পাননি। পরবর্তীতে সেই পায়ে চলার পথটি পাকা রাস্তায় রূপান্তরিত হয়। অধিকাংশ জায়গায় যার বর্তমান প্রস্থ প্রায় ১৪ ফুট।
 
সরেজমিনে দেখা যায়, রাস্তার পশ্চিম পাশের ঢালে বেশ কয়েকটি আধাপাকা দোকানঘর রয়েছে। সেখানে নতুন একটি দোকান নির্মাণের জন্য আরসিসি পিলার নির্মাণের কাজ চলছে। 

প্রশাসনের দাবি, দোকানের শেষ প্রান্তের পিলারসহ প্রায় সাড়ে তিন ফুট জায়গা খালের সীমানায় পড়েছে। 

ভুক্তভোগীদের অভিযোগ, রাস্তার জন্য নির্ধারিত আট ফুটের চেয়ে অতিরিক্ত ছয় ফুট জায়গা নিয়ে নেওয়ায় তাদের দোকানগুলো বাধ্য হয়ে খালের দিকে সরে গেছে।

দোকান মালিক দুলাল মিয়া বলেন, ‘আমার জায়গার ওপর দিয়ে ১৪ ফুট চওড়া একটি রাস্তা করা হয়েছে, যার জন্য আমি কোনো ধরনের ক্ষতিপূরণ পাইনি। এখন বলা হচ্ছে, আমার দোকানের সামান্য অংশ নাকি খালের ওপর পড়েছে। কিন্তু আমরা তো বালু ফেলে খাল ভরাট করিনি, শুধু পিলারের ওপর দোকানটি নির্মাণ করেছি। এই দোকানটি ভেঙে দিলে আমরা পথে বসব। তাই হয় রাস্তার জায়গা কিছুটা কমিয়ে আমাদের জমি ফিরিয়ে দেওয়া হোক, নয়তো বর্তমান অবস্থায় আমাদের ব্যবসা করতে দেওয়া হোক।’

আরেক ভুক্তভোগী মোস্তফা জানান, দীর্ঘ বছর ধরে তারা এখানে ব্যবসা করলেও আগে কখনো সমস্যা হয়নি। রাস্তার জন্য অতিরিক্ত জায়গা দখল করে নেওয়ায় তারা এখন ভূমিহীন হওয়ার উপক্রম হয়েছেন। 

রাস্তায় জমিদাতাদের প্রতি প্রশাসনকে মানবিক আচরণ করার অনুরোধ করেন তিনি।

স্থানীয় বাসিন্দা জাকির হোসেন জানান, খালের প্রস্থ সব জায়গায় সমান নয়— কোথাও ১৪ ফুট, কোথাও ২৫ ফুট। দোকানের নিচের কয়েকটি আরসিসি পিলারের কারণে পানি প্রবাহে কোনো সমস্যা হচ্ছে না। 

তার দাবি, স্থানীয় একটি পক্ষ ব্যক্তিগত শত্রুতার জেরে প্রশাসনকে ভুল বুঝিয়ে এই উচ্ছেদ প্রক্রিয়া ত্বরান্বিত করছে।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, ‘খালের জায়গায় দোকানের যতটুকু অংশ পড়েছে, তা ভেঙে ফেলার জন্য আমরা ইতোমধ্যে দোকান মালিকদের নোটিশ প্রদান করেছি। সরকারি জায়গা উদ্ধারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  রাস্তা    জমি   খালের উচ্ছেদ    নোটিশ    গজারিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close