মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
খোলাকাগজ স্পেশাল
স্থানীয় নির্বাচন ঘিরে ছক কষছে আওয়ামী লীগ
রোকন উদ্দিন
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:২২ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কার্যত বিধ্বস্ত অবস্থায় রয়েছে আওয়ামী লীগ। কার্যক্রম নিষিদ্ধ থাকায় প্রকাশ্যে দলীয় কর্মসূচি পালন করতে পারছে না। তা ছাড়া নিবন্ধন স্থগিত থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিতেও পারেনি দলটি। তবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনীতিতে ফেরার নতুন কৌশল নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ। 

ইতোমধ্যে দলটির সভাপতি শেখ হাসিনা ভার্চুয়ালি নেতাকর্মীদের দেশে ফেরার তাগিদ দিয়েছেন। সেইসঙ্গে স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। 

তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ রাজনীতিতে প্রবেশের সুযোগ হয়তো পাবে। কিন্তু জাতীয়ভাবে দলটির রাজনৈতিক প্রত্যাবর্তন হবে কি না তা বলা মুশকিল। কারণ, তাদের পুরো নেতৃত্ব আত্মগোপনে। তাদের মধ্যে অতীত কর্মকাণ্ড নিয়ে অনুশোচনা এখনো দেখা যায়নি। ফলে তাদের জাতীয়ভাবে রাজনীতিতে ফিরতে কেউ সহায়তা করবে এটা ভুল। আওয়ামী লীগের মতো কাজ করে ফিরে আসতে হবে।
  
দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞার আবেদন ও আইনি জটিলতা সত্ত্বেও আসন্ন সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রধান মাধ্যম হিসেবে বেছে নিতে চাইছেন দলটির নীতিনির্ধারকরা। এমনকি দীর্ঘ সাংগঠনিক নিষ্ক্রিয়তা কাটিয়ে দলীয় কর্মকাণ্ড সচল করতে কাজ করছেন তারা। 

ইতোমধ্যে দলীয় কার্যক্রমে গতি আনতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দায়িত্বে পরিবর্তন এনেছে আওয়ামী লীগ। যুবলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগকে গতিশীল করার লক্ষ্যে তৃণমূল কর্মীদের আস্থার প্রতীক জাহাঙ্গীর আলমকে সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। নতুন দায়িত্ব পাওয়ার পর গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম নিজের ফেসবুকে এক পোস্টে বলেন, আলহামদুলিল্লাহ, জননেত্রী শেখ হাসিনার জরুরি সিদ্ধান্তে যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম। যুবলীগে আর কোনো তেলবাজি চলবে না, পরিক্ষিত ত্যাগী কর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে এবং সারা দেশের তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে আগামী দিনে সব লড়াই সংগ্রহ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম কার্যত নিষ্ক্রিয়। দলটির সভাপতিসহ নেতাকর্মীদের মধ্যে কেউ বিদেশে অবস্থান করছেন, কেউ আছেন আত্মগোপনে আবার কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এমন বিরূপ পরিস্থিতি এবং দীর্ঘ সাংগঠনিক নিষ্ক্রিয়তায় আশাহত বহু নেতাকর্মী সংগঠন বিমুখ হচ্ছে বলে মন্তব্য করে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসু জিএস গোলাম রাব্বানী। 

ফেসবুক পোস্টে তিনি বলেন, দীর্ঘ সাংগঠনিক নিষ্ক্রিয়তা, নির্দেশনা ও নেতৃত্বহীনতায় আশাহত বহু নেতাকর্মী সংগঠন বিমুখ হচ্ছে, প্রবাসে পাড়ি জমাচ্ছে, জীবন জীবিকায় মুখ ঘুরিয়েছে, অন্যদলে ঝুঁকে পড়ছে। সিদ্ধান্তহীনতায় সংগঠন ক্রমে দুর্বল ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে সাংগঠনিক নিষ্ক্রিয়তা কাটিয়ে কার্যক্রম সচল এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে নিচ্ছেন নেতাকর্মীরা দলের দায়িত্বশীল সূত্র থেকে এমন তথ্য জানা গেছে।

৫ আগস্ট সরকারের পতনের পর স্থানীয় সরকারের প্রায় সব স্তরের জনপ্রতিনিধিদের পদ শূন্য হয়ে যায়। বর্তমানে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। আওয়ামী লীগের নেতারা এ নির্বাচনগুলোকে রাজনৈতিক ‘এন্ট্রি পয়েন্ট’ হিসেবে দেখছেন। তাদের মতে, স্থানীয় নির্বাচনে ব্যক্তিগত প্রভাব, স্থানীয় ইস্যু ও সামাজিক যোগাযোগের গুরুত্ব বেশি থাকায় দলীয় পরিচয় ছাড়াও অংশগ্রহণের সুযোগ তৈরি হতে পারে।

শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সম্প্রতি ভার্চুয়ালি নেতাকর্মীদের সঙ্গে  বেশ কয়েকবার মতবিনিময় করেছেন। সেখানে তিনি তৃণমূলের কর্মীদের ভয় কাটিয়ে এলাকায় ফেরার এবং স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার বিশেষ নির্দেশনা দিয়েছেন। আওয়ামী লীগ মনে করছে, সংসদ নির্বাচনের চেয়ে স্থানীয় নির্বাচনে ব্যক্তিগত প্রভাব ও আঞ্চলিক সমীকরণ বেশি কাজ করে, যা দলটির জন্য একটি বড় সুযোগ হতে পারে।

বিশেষ করে পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচনে সাম্প্রতিক সাফল্য দলটিকে নতুন করে আশাবাদী করে তুলেছে। গত এক মাসে কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেলগুলো বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করেছে। ৭৪টি আইনজীবী সমিতির মধ্যে ১৪টিতে অনুষ্ঠিত নির্বাচনে দলটির এ সাফল্যকে তারা তৃণমূলের সমর্থন হিসেবে দেখছেন। আগামী মে মাসে অনুষ্ঠিতব্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনেও তারা বড় ধরনের জয়ের লক্ষ্য নিয়ে কাজ করছেন।

তবে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার নিয়ে আওয়ামী লীগের ভেতরেই দ্বিমত তৈরি হয়েছে। অনেক নেতার মতে, অতীতে দলীয় প্রতীকে নির্বাচন করা ছিল একটি ঐতিহাসিক ভুল, যা তৃণমূলের ঐক্য নষ্ট করেছে। বর্তমান পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ চাচ্ছে নির্দলীয় বা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিতে। এতে একদিকে যেমন আইনি বাধা এড়ানো যাবে, অন্যদিকে স্থানীয় জনপ্রিয় ব্যক্তিদের মাধ্যমে দলের প্রভাব বজায় রাখা সম্ভব হবে।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালু করেছিল আওয়ামী লীগ সরকারই। তবে এখন দলের অনেক নেতাকর্মী মনে করছেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় ব্যবস্থায় ফিরে যাওয়া উচিত।

আত্মগোপনে থাকা একাধিক কেন্দ্রীয় নেতার মতে, নির্বাচন নির্দলীয় হলে আওয়ামী লীগের অংশগ্রহণ সহজ হবে। দলীয় প্রতীকে নির্বাচন হলে কার্যক্রম নিষিদ্ধ থাকায় সরাসরি অংশ নেওয়া কঠিন হয়ে পড়বে। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সুযোগ থাকবে।
তাদের মতে, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক চালু করা আওয়ামী লীগের একটি ভুল সিদ্ধান্ত ছিল। এতে তৃণমূল পর্যায়ে বিভেদ বেড়েছে এবং দল ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এদিকে দলটির কোনো কোনো নেতা মনে করেন, দিল্লি বা বিএনপির মাধ্যমে সমঝোতা করে আওয়ামী লীগ দেশের রাজনীতিতে ফিরবে।

তবে এ প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট গোলাম মাওলা রনি ভিন্ন কথা বলেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের উপস্থিতি অনিবার্য এবং অপরিহার্য। কিন্তু আওয়ামী লীগ যদি মনে করে যে, বিএনপি তাদের বাংলাদেশে ধরে এনে জামাই আদর করে পুনর্বাসিত করবে, এটি সম্ভব নয়। আওয়ামী লীগকে তাদের মতো করে ফিরে আসতে হবে।’ সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিও বক্তব্যে এসব কথা বলেন গোলাম মাওলা রনি।

তিনি বলেন, ‘এখন জামায়াত যত চেষ্টা করুক, বিএনপি যত চেষ্টা করুক, আওয়ামী লীগের যে অভাব, এটা পূর্ণ করা সম্ভব নয়। আওয়ামী লীগের এই জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে আওয়ামী লীগের দ্বারা।’ কোনো চুক্তি বা সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগ ফিরলে তাদের রাজনীতির কবর রচিত হবে বলেও মন্তব্য করেছেন গোলাম মাওলা রনি।

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে আওয়ামী লীগের মতো কাজ করে ফিরে আসতে হবে। অন্যথায় তারা যদি দিল্লি বা বিএনপির মাধ্যমে নেগোশিয়েশন করে বাংলাদেশে আসে তাহলে তাদের রাজনীতির কবর রচনা হবে।’ আওয়ামী লীগের নেতারা মনে করছেন, ‘নরেন্দ্র মোদি অনেক কিছু করে দেবেন।’ তবে মোদি কিছুই করে দেবেন না বলেও জানিয়েছেন গোলাম মাওলা রনি।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতি

বর্তমানে দেশে ১২টি সিটি করপোরেশন রয়েছে এবং সবই প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। স্থানীয় সরকারের সবচেয়ে নিচের স্তর ইউনিয়ন পরিষদের সংখ্যা সাড়ে চার হাজারের বেশি। এ ছাড়া প্রায় ৫০০টি উপজেলা ও তিন শতাধিক পৌরসভা রয়েছে।

সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত স্থানীয় সরকারের কোনো স্তরেই বর্তমানে নির্বাচিত জনপ্রতিনিধি নেই। প্রায় দেড় বছর ধরে এই শূন্যতায় সেবা পেতে নাগরিকদের নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, সিটি করপোরেশন নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের সূচনা করার পরিকল্পনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ ১ মার্চ নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে জানান, ঈদের পর থেকে বছরজুড়ে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে দলীয় প্রতীক নাকি নির্দলীয় প্রতীকে নির্বাচন হবে, তা সংসদের প্রথম অধিবেশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  স্থানীয় নির্বাচন   ছক কষা   আওয়ামী লীগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close