পবিত্র রমজান মাস উপলক্ষে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাঝে ‘দুই টাকায়’ ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স। সংগঠনটির উদ্যোগে পথচারী, শিক্ষার্থী, রিকশা ও ভ্যানচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার রোজাদার মানুষের মাঝে নিয়মিত এ ব্যতিক্রমধর্মী ইফতার বিতরণ করা হয়।
প্রতি বছর রমজান মাসে এমন আয়োজন করে থাকে কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স। তবে এবার তাদের পাশে দাড়িয়েছে মুসলাহ প্রোডাকশন।
সোমবার (১৬ মার্চ) মুসলাহ প্রোডাকশনের সহযোগিতায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতারের আগমুহূর্তে রিকশাচালক, ভ্যানচালক ও শ্রমজীবী মানুষের দীর্ঘ সারি। দুই টাকার বিনিময়ে হাসিমুখে প্যাকেট গ্রহণ করছেন তারা।
করোনাকালীন যাত্রা শুরু করা কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স প্রতি বছর নিজস্ব অর্থায়নে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় সংগঠনটি রমজান মাসজুড়ে ইফতার ও সাহরি বিতরণ কার্যক্রম চালাচ্ছে।
সংগঠনটি তাদের ইফতার বিতরণ কর্মসূচির নাম দিয়েছে ‘দুই টাকার ইফতার’। মূলত মানুষের মাঝে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রমী নামকরণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটির সদস্যরা।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইফতার বিতরণ করা হয়। বিতরণকৃত ইফতারের তালিকায় ছিল খেজুর, ছোলা, মুড়ি, সবজি, চপ, বেগুনি, জিলাপী ও পানি। প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে নিম্নবিত্ত রোজাদারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শহরের শোলাকিয়া ও পুরানথানাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়। বিকাল ৫টা থেকে শুরু হওয়া এই ইফতার বিতরণ কার্যক্রম পুরো রমজান মাসে চলেছে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা। ব্যতিক্রমী এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের সর্বস্তরের মানুষ।
ইফতার নিতে আসা কয়েকজন রিকশাচালক বলেন, ‘আমরা গরিব মানুষ। ইচ্ছে থাকলেও বেশি দাম দিয়ে ভালো খাবার কিনতে পারি না। অনেক সময় বাচ্চারা ভালো ইফতারের জন্য বায়না করে। এখানে ‘দুই টাকার ইফতার’ নামে সাত পদের ইফতার নিয়ে আমরা পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে ইফতার করতে পারি।’
সংগঠনের সদস্য মাহমুদুল হাসান বলেন, ‘আমরা যারা আর্থিকভাবে স্বাবলম্বী, তারা রমজানে নানা ধরনের খাবার দিয়ে ইফতার করতে পারি। কিন্তু অনেক সুবিধাবঞ্চিত মানুষের সেই সামর্থ্য নেই। তাদের কথা চিন্তা করেই আমরা প্রতি বছর এই উদ্যোগ নিয়ে থাকি।’
কিশোরগঞ্জ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা মোজাহিদুল ইসলাম বলেন, ‘প্রতি বছরের মতো এ বছরও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমাদের ইফতার সেবা কার্যক্রম অব্যাহত রেখেছি। সাধারণত আমরা নিজেদের উদ্যোগেই এ কার্যক্রম পরিচালনা করি। তবে এবার আমাদের সঙ্গে সহযোগী হিসেবে পাশে রয়েছে মুসলাহ প্রোডাকশন। আজ আমাদের ইফতার বিতরণ কর্মসূচির শেষ দিন। আগামী বছরগুলোতেও আমাদের কার্যক্রম চলবে, ইনশাআল্লাহ।’
কিশোরগঞ্জ ভলান্টিয়ার্সের উমর নাসিফ, তাশরিফ হাসান, মাহবুব আল হাসান, এইচএম শাওন, নওফেল আহমেদসহ অসংখ্য তরুণ এই মানবিক কার্যক্রমে যুক্ত রয়েছেন।
কেকে/এমএ