মাদারীপুরের শিবচর উপজেলায় প্রাইভেট কারের ভাড়া বেশি চাওয়া নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আরমান সরদার (৩৫) নামে এক পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আজিজুল ইসলাম নামে আরও এক শ্রমিককে পিটিয়ে আহত করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকালে উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিতে আহত আরমান সরদার শিবচরের সিকদারকান্দি এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকালে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজমল হুদা চৌধুরী ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে পাঁচ্চর গোলচত্বরে যান। সেখানে তিনি উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লার ছেলে ফারুক মোল্লার ভাড়াচালিত গাড়ির অফিসে একটি প্রাইভেট কার ভাড়া নিতে চান। ভাড়া বেশি চাওয়া নিয়ে চালকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে আজমলের পক্ষের লোকজন গোলচত্বর এলাকায় জড়ো হন।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় আজমলের পক্ষের জিয়াউল হক (৪৫) নামে এক ব্যক্তি গুলি ছুড়লে আরমান গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া হামলায় আজিজুল ইসলাম নামে আরেক শ্রমিক আহত হন।
খবর পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান ও শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সেরনিয়াবাত ঘটনাস্থল পরিদর্শন করেন।
তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
শিবচর উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা বলেন, “পরিবহন শ্রমিকদের সাথে ভাড়া নিয়ে কথাকাটাকাটির জেরে আজমল হুদার লোকজন আমার ছেলের অফিস ভাঙচুর করেছে। তাদের লোক জিয়া আমাদের এক শ্রমিককে গুলি করেছে ও একজনকে পিটিয়ে আহত করেছে। আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার চাই।”
এ বিষয়ে আজমল হুদা চৌধুরী বলেন, “চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায় এই ঝামেলা হয়েছে। এখানে কোনো চাঁদাবাজ থাকবে না। কয়েকজন আমার সঙ্গে অশালীন ব্যবহার করেছে। স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে তারা সরতে বাধ্য হয়েছে। আমার কোনো লোক সন্ত্রাসী কার্যকলাপ করেনি।”
শিবচর থানার ওসি মো. আমির হোসেন সেরনিয়াবাত বলেন, ‘‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
কেকে/এসএ