মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মেঘনায় ইভটিজিংয়ের প্রতিবাদের জেরে হামলায় আহত সাব্বিরের মৃত্যু
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৬:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদকে কেন্দ্র করে পরিকল্পিত হামলার শিকার গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহজালাল ওরফে সাব্বির।

সাব্বির উপজেলার রাধানগর ইউনিয়নের মুগারচর গ্রামের বাবুল মিয়ার ছেলে। 

একই ঘটনায় আহত রফিকুল ইসলামের ছেলে জিহাদ (২২) এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার মুগারচর গ্রামে ‘আলী শাহ্ ভান্ডারী’ বার্ষিক ওরশ মাহফিল চলাকালে কয়েকজন বখাটে কিশোর স্থানীয় কিশোরী ও নারীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করে ইভটিজিং করে। এ সময় সাব্বির ও জিহাদসহ কয়েকজন সচেতন যুবক এর প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং বখাটেরা সেখান থেকে সরে যায়।

এরই জের ধরে শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাধারনগর ইউনিয়নের লক্ষণখোলা রাস্তার মোড়ে পূর্বপরিকল্পিত প্রতিশোধমূলক হামলার ঘটনা ঘটে। সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া একদল কিশোর গ্যাং সদস্য সাব্বির ও জিহাদসহ পাঁচজনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও সাব্বির ও জিহাদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে পরবর্তী সাব্বিরকে উন্নত চিকিৎসার জন্য পাশ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাতে তাঁর মৃত্যু ঘটে।

এ ঘটনায় শনিবার (২৮ মার্চ) আহত জিহাদের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মেঘনা থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে লক্ষণখোলা গ্রামের বাবুল মিয়ার ছেলে নাঈম (২০), সাইজুদ্দিনের ছেলে বাবুল মিয়া (৪৮), অহিদ মিয়ার ছেলে জাহিদুল (১৯), রুকু মিয়ার ছেলে কামাল মিয়া (৪৬), কামাল মিয়ার ছেলে সজিব (২৩), মৃত সিরাজ মিয়ার ছেলে লিল মিয়া (৫০) ও ফিরোজ মিয়াসহ (৪৫) অজ্ঞাত আরও ৭-৮ জনকে।

এদিকে, সাব্বিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে স্থানীয় গ্রামবাসী ক্ষোভে ফেটে পড়ে মেঘনা-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরিস্থিতি অবনতির আশঙ্কায় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করে এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম খোলা কাগজকে বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। একই ঘটনায় গত শনিবার ৩০৭ ও ৩২৬ ধারায় জিহাদের পরিবারের দায়ের করা মামলায় অভিযুক্ত বাবুল মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘আগে এটি যখমি মামলা ছিল। তবে একজনের মৃত্যু হওয়ায় একই মামলাটি ৩০২ ধারায় রূপান্তরের জন্য সকালে আবেদন করা হয়েছে। এখন এটি খুনের মামলায় পরিণত হয়েছে এবং জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মেঘনা   ইভটিজিংয়ের প্রতিবাদ   হামলা   আহত   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close