সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
দেশজুড়ে
কম্বোডিয়ায় উচ্চ বেতনে চাকরির ফাঁদে গজারিয়ায় নিঃস্ব শতাধিক পরিবার
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৩:৩৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কম্বোডিয়ায় ক্যাসিনোতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শত শত যুবককে সর্বস্বান্ত করার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের বিরুদ্ধে। দালালদের খপ্পরে পড়ে একেকটি পরিবার ৯ থেকে ১৪ লক্ষ টাকা খুইয়ে এখন পথে বসার উপক্রম।

প্রতিদিন অসংখ্য ভুক্তভোগী প্রতিকারের আশায় গজারিয়া থানায় ভিড় করছেন। শুধুমাত্র শনিবারই অন্তত ১০ জন ভুক্তভোগী থানায় অভিযোগ নিয়ে গিয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, প্রতারণার ধরন সব ক্ষেত্রে প্রায় একই। আকর্ষণীয় বেতনের কথা বলে প্রথমে যুবকদের আকৃষ্ট করা হয়। এরপর ধাপে ধাপে ৬ থেকে ৭ লক্ষ টাকা নিয়ে এক বছর মেয়াদী ভিসার কথা বলে পাঠানো হয় কম্বোডিয়ায়। কিন্তু সেখানে পৌঁছানোর পরই শুরু হয় আসল বিভীষিকা। বিমানবন্দরে নামার পর এক দালাল তাদের অন্য দালালের কাছে বিক্রি করে দেয়। এভাবে অনেককে ৪-৫ বার পর্যন্ত হাতবদল করা হয়। 

ভুক্তভোগীরা জানান, সেখানে যাওয়ার পর দেখা যায় তাদের এক বছর নয় বরং মাত্র এক মাসের ভিজিট ভিসা দিয়ে পাঠানো হয়েছে। কাজ দেওয়ার পরিবর্তে তাদের অন্ধকার ঘরে আটকে রেখে চালানো হয় অমানুষিক নির্যাতন। সেই নির্যাতনের ভিডিও পরিবারকে দেখিয়ে এবং স্ট্যাম্পে স্বাক্ষর রেখে আরও লক্ষ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করা হয়।

কম্বোডিয়ায় দালাল চক্রের হাতে আটকে পড়া গজারিয়ায় তরুণ মেহেদী হাসান অভি মোবাইলে জানান, এখানে আসার পর এক দালাল আমাদের অন্য দালালের কাছে বিক্রি করে দেয়। এভাবে অনেকেই চার-পাঁচবার বিক্রি হয়েছে। কাজ না দিয়ে রুমে আটকে রেখে মারধর করে পরিবারের কাছ থেকে টাকা আনতে বাধ্য করা হয়। কথা না শুনলে মারধর করে ভিডিও করা হয় এবং জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর রাখা হয়।

দালাল চক্রের হাত থেকে মুক্তি পেয়ে সম্প্রতি দেশে ফেরা ভিটিকান্দি গ্রামের তরুণ লাজিম প্রধান তার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘মাসিক এক লক্ষ টাকা বেতনের কথা বলে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে দেখি আমরা বন্দি। এক মাসের ভিজিট ভিসায় নিয়ে গিয়ে আমাদের আটকে রাখা হয়। পরে দেড় লক্ষ টাকা দিয়ে প্রাণ বাঁচিয়ে দেশে ফিরেছি।’

একই করুণ চিত্র ফুটে ওঠে সিএনজি চালক শফিকের আর্তনাদে। তিনি জানান, ছেলের উজ্জ্বল ভবিষ্যতের আশায় সুদে টাকা এনে দালালদের ৯ লক্ষ টাকা দিয়েছেন। এখন তার ছেলে রিক্ত হস্তে দেশে ফিরেছে আর তিনি ঋণের জালে জর্জরিত হয়ে পথে বসেছেন।

ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী এই চক্রের সাথে সংশ্লিষ্ট হিসেবে মারুফ, রাজন, সাকের, রাহিমা বেগম, আকাশ ও রিফাতসহ কয়েকজনের নাম উঠে এসেছে। 

অভিযুক্তদের একজন মারুফ দাবি করেন, তারা কাউকে কম্বোডিয়ায় যেতে বাধ্য করেননি, কাজ না পেয়ে সম্প্রতি দেশে ফেরা কয়েকজনকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘বিষয়টি নিয়ে বেশ কয়েকজন ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছেন। আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করছি এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, ‘প্রতারণা থেকে বাঁচতে জনসচেতনতার কোনো বিকল্প নেই। বিদেশগামীদের প্রতি আহ্বান আপনারা অবশ্যই বৈধ প্রক্রিয়া এবং নিয়ম-কানুন জেনে বিদেশে যাবেন। দালালের খপ্পর থেকে বাঁচতে চোখ-কান খোলা রাখা জরুরি।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কম্বোডিয়া   উচ্চ বেতনে চাকরির ফাঁদ   গজারিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close