বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘‘জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়নের বিরোধিতার মাধ্যমে বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে।’’
রোববার (৫ এপ্রিল) বিকালে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের নির্বাচনি ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার আরও বলেন, ‘‘অন্তর্বর্তী সরকারের শাসনামলে ৩৩টি রাজনৈতিক দল দীর্ঘ ৯ মাস আলোচনা করে জুলাই সনদ প্রণয়ন করে। এই সনদকে আইনি ভিত্তি দিতে সব দলের ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজন করে সরকার।’’
তিনি বলেন, ‘‘ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নির্বাচিতরা একই সাথে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। কিন্তু দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর বিএনপি সব ভুলে গেছে। তারা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেয়নি। এখন তারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিরোধিতা করছে। তারা সংবিধান সংস্কার আদেশ বাতিলের জন্য সংসদে প্রস্তাব করেছে। একই আদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচন মেনে সরকার গঠন করলেও গণভোট মানছে না। এর মাধ্যমে বিএনপি পুরো জাতির সাথে প্রতারণা করছে।’’
গোলাম পরওয়ার আরও বলেন, ‘‘প্রায় পাঁচ কোটি ভোটার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ প্রত্যাখ্যান করেছে। বিএনপি এই জ্বালা সহ্য করতে না পেরে গণভোট বাতিলের উদ্যোগ নিয়েছে।’
বগুড়ার উপনির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ‘সরকারি দলের প্রার্থীর লোকেরা জামায়াতের নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছে। আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। প্রধানমন্ত্রীর নির্বাচনি এলাকাকে আপনারা আরেকটি মাগুরা বানানোর অপচেষ্টা চালাবেন না।’’
তিনি আগামী ৯ এপ্রিল ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিতে বগুড়াবাসীর প্রতি আহ্বান জানান।
বগুড়া শহর জামায়াতের আমির ও উপনির্বাচনে প্রার্থী আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাগপার সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী ও বগুড়া জেলা আমির আব্দুল হক সরকার।
অনুষ্ঠানে ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক সৈয়দ আব্দুল আজিজ ১৪ দফা উন্নয়ন পরিকল্পনা পাঠ করে শোনান।
কেকে/এসএ