লিবিয়া থেকে গ্রীস যাওয়ার পথে ভূমধ্যসাগরে মানবিক বিপর্যয়ে নিহত জগন্নাথপুর উপজেলার পাঁচজনসহ সুনামগঞ্জের ১২ জনের পরিবারের সহায়তায় এগিয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশে নিহতদের পরিবারের খোঁজ-খবর নিয়েছেন সাংসদ কলিমউদ্দিন আহমেদ মিলন, মোহাম্মদ কয়ছর আহমেদ ও কামরুজ্জামান কামরুল।
সম্প্রতি মানবপাচারকারীদের মাধ্যমে অবৈধভাবে লিবিয়া থেকে প্লাস্টিকের বোট যোগে গ্রীস যাওয়ার পথে খাদ্যসহ বিভিন্ন মানবিক বিপর্যয়ে পড়ে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের জগন্নাথপুর, দিরাই ও দোয়ারাবাজার উপজেলার ১২ জন নিহত হয়েছেন। তারেক রহমানের নির্দেশনায় রোববার (৫ এপ্রিল) বাড়ি বাড়ি গিয়ে নিহতদের পরিবারের লোকজনের খোঁজ-খবর নিয়েছেন। তারেক রহমানের পক্ষ হতে শোকসন্তপ্ত পরিবার হাতে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন সুনামগঞ্জ -৫ আসনের সাংসদ কলিমউদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ -৩ আসনের সাংসদ ও জাতীয় সংসদ কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এবং সুনামগঞ্জ -১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য সাবেক ছাত্রদল নেতা আব্দুল হক, সদস্য এমএ মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ ও আব্দুস সোবহান, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসিম ডালিম ও জুবেদ আলী লখন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মো. আল আমীন, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সদস্য আশরাফুল হক, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ, জগন্নাথপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারজান চৌধুরী।
সাংসদরা বলেন, ‘ঘটনার খবর শুনেই প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিহতদের শোকসন্তপ্ত পরিবার এর প্রতি সমবেদনা জানাতে এবং পাশে থাকতে।’
তারা আরো বলেন, ‘দালাল চক্রের ফাঁদে পড়ে কেউ যেন অবৈধ পথে বিদেশে না যায় এবং এমন ঝুঁকি না নেয়। বর্তমান সরকার নির্বাচনের আগেই ঘোষণা দিয়েছে, ৫ বছরের মধ্যে ১ কোটি মানুষকে বিদেশে পাঠানো হবে। সেই কার্যক্রম ইতোমধ্যে দ্রুতগতিতে শুরু হয়েছে। ধৈর্য ধরুন, সরকার জি-টু-জি পদ্ধতিতে বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে বৈধভাবে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে।’
কেকে/এমএ