মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ১৫ কিলোমিটার দীর্ঘ খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার বাবুখালি ইউনিয়নের রায়পুর স্লুইজগেট এলাকা থেকে বালিদিয়া নিরবিশখালি পর্যন্ত এই খনন কাজের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও মাগুরা-২ আসনের সাংসদ নিতাই রায় চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বলেন, ‘নির্বাচনের আগে এলাকার মানুষের অন্যতম প্রধান দাবি ছিল, এই খালটি খনন করা। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হলো। এই খনন কাজ শেষ হলে বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন হবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে। এর ফলে কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং ওই অঞ্চলে ফসল উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি পাবে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, বাবুখালি রায়পুর স্লুইজগেট থেকে বালিদিয়া নিরবিশখালি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৮৬ লাখ টাকা। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রতিদিন প্রায় ৮৯২ জন শ্রমিক এই খনন কাজে নিয়োজিত থাকবেন।
মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাঁন রোকনুজ্জামান, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু মিয়া, সাবেক আহ্বায়ক মৈমুর আলী মৃধা, সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দীন, সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ বাকী মিয়া ও মো. নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনুর জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মহম্মদ মতিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, প্রেস ক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা।
এলাকার বাসিন্দারা জানান, এই খালটি মহম্মদপুর উপজেলার কৃষিব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তদারকির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার সার্বিক পরিবেশ ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
কেকে/এমএ