রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
চা শ্রমিকদের শতকোটি টাকার পিএফ বকেয়া, উদ্বেগ ও অনিশ্চয়তায় হাজারো শ্রমিক
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১০:১৯ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

চা শ্রমিকদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত প্রভিডেন্ট ফান্ড (পিএফ) তহবিলে দীর্ঘদিন ধরে বিপুল অঙ্কের বকেয়া জমে থাকায় চা শিল্পাঞ্চলে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও অনিশ্চয়তা। 

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের অন্তত ৫৮টি চা বাগান শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়মিত জমা দেয়নি। ফলে অবসরকালীন সঞ্চয় কিংবা জরুরি প্রয়োজনে নিজেদের অর্থ পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন হাজারো শ্রমিক।

নিয়ম অনুযায়ী শ্রমিকদের বেতনের ৭.৫ শতাংশ অর্থ কর্তন করে প্রভিডেন্ট ফান্ডে জমা রাখা হয় এবং বাগান মালিকদের পক্ষ থেকে সমপরিমাণ ৭.৫ শতাংশ অর্থ যুক্ত করে মোট ১৫ শতাংশ জমা দেওয়ার কথা। এছাড়া প্রশাসনিক ব্যয় হিসেবে আরও ১৫ শতাংশ অর্থ জমা দেওয়ার বিধান রয়েছে। কিন্তু অভিযোগ রয়েছে, বহু বাগান কর্তৃপক্ষ দীর্ঘ সময় ধরে এই অর্থ জমা না দিয়ে বকেয়া সৃষ্টি করেছে।

ভবিষ্যৎ তহবিল নিয়ন্ত্রকের কার্যালয়ের ২৮ ফেব্রুয়ারির হালনাগাদ তথ্যে দেখা যায়, বিভিন্ন চা বাগানের বিপুল বকেয়া নিয়ে শ্রম আদালতে মামলা চলমান রয়েছে। এর মধ্যে ইমাম-বাওয়ানী চা বাগানের ৬৯ মাসের ৮৯ লাখ ৭৩ হাজার ৫১৩ টাকা, লোবাছড়া ২৬ মাসের ২১ লাখ ১৩ হাজার ৯৬৩ টাকা, হোসেনাবাদ ৩১ লাখ ২৪ হাজার ৬৮০ টাকা, দলই বাগানের ১ কোটি ৩০ লাখ ৩৭ হাজার ৯৮১ টাকা, রাজনগর বাগানের ২ কোটি ১৯ লাখ ১৬ হাজার ৪৯৩ টাকা এবং মুরইছড়া বাগানের ৩৫ লাখ ৩৭ হাজার ৪০৮ টাকা বকেয়া রয়েছে। এসব মামলার মোট পরিমাণ ৫ কোটি ২৭ লাখ ৪ হাজার ৩৮ টাকা।

এছাড়া আরও ৫২টি চা বাগানের বকেয়া আদায়ের কার্যক্রম চলমান থাকলেও সেসবের সুনির্দিষ্ট অঙ্ক জানাতে পারেনি নিয়ন্ত্রক কার্যালয়। শ্রমিক ইউনিয়ন ও স্টাফ অ্যাসোসিয়েশনের দাবি, মোট বকেয়া শত কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পঙ্কজ কুন্দ বলেন, “কম আয়ের শ্রমিকরা ভবিষ্যতের আশায় সামান্য অর্থ জমা রাখেন। সেই অর্থ নিয়েও অনিশ্চয়তা তৈরি হলে শ্রমিকদের জীবনে বড় সংকট দেখা দেবে।”

বকেয়া তালিকায় থাকা সাতগাঁও চা বাগানের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান বলেন, “নানা কারণে দীর্ঘদিন ধরে বাগানে লোকসান গুনতে হচ্ছে। উৎপাদন খরচ থেকে চায়ের দাম কম। তবে শিগগিরই শ্রমিকদের পিএফের বকেয়া জমা দিতে পদক্ষেপ গ্রহন করেছি।”

ভবিষ্যৎ তহবিল নিয়ন্ত্রক মহব্বত হোসাইন জানান, ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বকেয়া আদায়ে তাগিদপত্র, সরেজমিন পরিদর্শন ও প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ইতোমধ্যে প্রায় ১০ কোটি টাকা আদায় সম্ভব হয়েছে এবং অনাদায়ী অর্থ উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  চা শ্রমিক   পিএফ বকেয়া   অনিশ্চয়তায় হাজারো শ্রমিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close