তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘আমাদের সচেতনতার কিছুটা ঘাটতির কারণে অসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারাচ্ছে। এ জন্য জন্য আমাদেরকে অতিরিক্ত সচেতন হওয়া দরকার।’
সোমবার (২০ এপ্রিল) সকালে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যম কর্মীদেরকে উদ্দেশ্য করে জহির উদ্দিন বলেন, ‘আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের লেখনি ও সংবাদ উপস্থাপনার মাধ্যমে পাঠক, দর্শক, শ্রোতা ও দেশবাসীকে মরণঘাতী এ রোগটি সম্পর্কে সচেতন করবেন। একটা দায়িত্বশীল সরকার হিসেবে আমাদেরকে আমাদের শিশুদের পর্যাপ্ত চিকিৎসা সেবাসহ তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রয়েছে। ফলে তাদের সুরক্ষায় আমাদের সরকার যথাযথভাবে দায়িত্ব পালন করছে।’
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, বরিশাল জেলা পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, বরিশাল জেলা সিভিল সার্জন আমাদের ডা. মঞ্জুর এ এলাহী, পরিবার পরিকল্পনা দপ্তরের বিভাগীয় পরিচালক ডা. আবুল কালাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরিশাল বিভাগীয় সমন্বয়কারী ডা. মনিরুল আলম, বরিশাল বিভাগীয় নিউটেশন অফিসার ডা, শাহনাজ বেগম, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব।
বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে অনুষ্ঠানে জহির উদ্দিন আরও বলেন, ‘আমরা এমন এক সময় জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি, যখন আমাদের ক্ষমতা গ্রহণ করার পরপরই মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। ফলে গোটা বিশ্ব এখন এক অর্থনৈতিক সংকটকাল অতিক্রম করছে। আমাদের দেশকে জ্বালানি আমদানি করে চলতে হয়। জ্বালানির উপর নির্ভর করে চলে দেশের বিদ্যুৎ উৎপাদন। দেশের কলকারখানাসহ অর্থনীতির চাকাকে সচল রাখতে হলে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে হয়।’
‘আমাদের দেশে মাটির নিচে পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকলেও বিগত পতিত স্বৈরাচারী সরকার তা উত্তোলন করার কাজে কোন কর্মসূচি না নিয়ে নিজেদের স্বার্থে নীতি তৈরি করেছিল। ক্ষমতাসীন রাজনৈতিক দল যখন গণবিচ্ছিন্ন হয় এবং গণবিরোধী হয়, তার সুদূর প্রসারী পরিণতি কত খারাপ হতে পারে, তার একটা প্রমাণ হচ্ছে আজকের এই মুহূর্তে দেশে জ্বালানি সংকট। এ সংকটের জন্য প্রধান অপরাধী বিগত স্বৈরাচারী সরকার। আমাদেরকে আমদানি নির্ভর করতে গিয়ে তারা রাষ্ট্রের অনেক বাড়তি টাকা খরচ করেছে। যেহেতু এটা আমদানি নির্ভর একটি নীতি সে কারণে এ খাতে আমাদেরকে প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়।’
কেকে/এমএ