ফরিদপুরের সালথায় গোয়ালপাড়া সহিংসতাকে কেন্দ্র করে মিথ্যাচার ছড়ানোর প্রতিবাদে বিএনপির পাঁচ নেতা সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার খোয়াড় গ্রামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আটঘর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুরাদূর রহমান লিখিত বক্তব্যে বলেন, “খোয়াড় গ্রামের তিনি, উপজেলা যুবদল নেতা মো. শাফিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপি নেতা আব্দুস সামাদ মাতুব্বর, সাবেক মেম্বার মো. আনিস এবং মো. লাভলু মাতুব্বরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।’’
তিনি অভিযোগ করেন, আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল খান, আওয়ামী লীগ নেতা কাওছার মাতুব্বর, স্বেচ্ছাসেবক লীগ নেতা রব্বান মাতুব্বর এবং তাদের সহযোগী হিসেবে সাবেক ইউপি সদস্য ও যুবদল নেতা হাসান আশরাফ আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের দিয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, “ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নেতৃত্বে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। তবে সম্প্রতি কিছু ব্যক্তি লোকজনকে উসকানি দিয়ে এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা করছে, যা ভবিষ্যতে বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে।’’তারা এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা চান না বলেও জানান।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ফরিদপুরের পুলিশ সুপার এবং সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দৃষ্টি আকর্ষণ করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা কামনা করেন।
এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এদিকে অভিযোগ অস্বীকার করে হাসান আশরাফ বলেন, “তার বাড়ি খোয়াড় ও গোয়ালপাড়া গ্রাম থেকে ৫-৬ কিলোমিটার দূরে। তিনি জীবনে একবার খোয়াড় গ্রামে গেছেন এবং দুই গ্রামের বিরোধ বা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের বিষয়ে কিছুই জানেন না।’’
কেকে/এলএ