মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
টেকনাফে লবণাক্ত পানিতে পিচ্ছিল সড়ক, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৩:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের বিভিন্ন স্থানে লবণাক্ত পানি জমে থাকায় সড়ক পিচ্ছিল হয়ে উঠেছে। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। লবণাক্ত পানির কারণে রাস্তার উপরিভাগ অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ায় যানবাহন নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যাচ্ছে।

বিশেষ করে হোয়াইক্যংয়ের খারাংখালী, নয়াবাজার, মিনাবাজার, ঝিমংখালী, নয়াপাড়া, কানজরপাড়া ও কুতুবদিয়াপাড়া এলাকায় মোটরসাইকেল আরোহীরা বেশি ঝুঁকিতে রয়েছেন। সামান্য ব্রেক করলেই বা গতি নিয়ন্ত্রণ করতে গেলেই চাকা স্লিপ করে পড়ে যাচ্ছেন অনেক চালক। একইভাবে সিএনজি ও ইজিবাইক চালকরাও প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।

গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে কানজরপাড়া এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে লবণাক্ত পানির কারণে স্লিপ করে একটি মিনি ট্রাক খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হন। নিহত শ্রমিকের নাম মো. জিসান (২২)। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাইনজুড়ি গ্রামের ইউসুফের ছেলে।

যানবাহনের চালকরা জানান, দিনের বেলায় অনেক সময় সড়ক শুকনো মনে হলেও রাতের বেলায় বাতাসের আর্দ্রতা ও লবণাক্ততার কারণে রাস্তার উপরিভাগে এক ধরনের পিচ্ছিল স্তর তৈরি হয়। এতে চালকরা বুঝে ওঠার আগেই যানবাহন স্লিপ করে নিয়ন্ত্রণ হারায়, ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় সংবাদকর্মী ওমর ফারুক জানান, লবণাক্ত পানি দীর্ঘসময় সড়কে জমে থাকায় রাস্তার গ্রিপ কমে গেছে। ফলে শুকনো দেখালেও অনেক সময় রাস্তা পিচ্ছিল থাকে, যা চালকদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন যাত্রী ও চালকরা। তারা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ স্থানে পানি দিয়ে লবণ পরিষ্কার করার দাবি জানিয়েছেন, যাতে দুর্ঘটনার ঝুঁকি কিছুটা হলেও কমানো যায়।

স্থানীয় সোলতান আহমেদ বলেন, “এই সড়কে লবণাক্ত পানির কারণে পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। হ্নীলা ও হোয়াইক্যং এলাকার দীর্ঘ সড়কে দিনে শুকনো থাকলেও রাতের দিকে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে। এতে গাড়ি চলাচল করতে গিয়ে প্রায়ই স্লিপ খেয়ে দুর্ঘটনা ঘটছে। আমরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে চলাচল করছি। দ্রুত ব্যবস্থা না নিলে দুর্ঘটনা আরও বাড়বে।”

টেকনাফ উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম সিকদার জানান, কক্সবাজার-টেকনাফ মহাসড়কে লবণাক্ত পানির কারণে সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দিনে অনেক সময় শুকনো থাকলেও রাতে তা ভয়াবহভাবে পিচ্ছিল হয়ে যায়। ফলে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সাধারণ মানুষ ও শ্রমজীবী যাত্রীদের জন্য এটি বড় ধরনের দুর্ভোগে পরিণত হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

এ বিষয়ে হোয়াইক্যং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আবসার জানান, হোয়াইক্যং এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের যে অংশ দিয়ে লবণ পরিবহন করা হয়, সেখানে লবণাক্ত পানি পড়ে সড়কটি অত্যন্ত পিচ্ছিল হয়ে যাচ্ছে। ফলে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

তিনি আরও বলেন, “বিষয়টি নিয়ে আমরা একাধিকবার লবণ ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সতর্ক করেছি, কিন্তু তারা কোনো কর্ণপাত করেননি। ভবিষ্যতে যাতে এ ধরনের কাজ না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছি। প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   সড়ক   দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close