মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      
জাতীয়
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়
প্রকল্পে দুর্নীতি ঠেকাতে টাস্কফোর্স গঠনের পরিকল্পনা আইইবির
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১০:১৮ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

দেশের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রকৌশলীদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে নতুন করে সরব হয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। 

সংগঠনটির নেতারা বলেছেন, উন্নয়ন কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণের উচ্চপর্যায়ে দক্ষ প্রকৌশলীদের সম্পৃক্ততা বাড়ানোর কোনো বিকল্প নেই। একইসঙ্গে বেসরকারি খাতে কর্মরত প্রকৌশলীদের জন্য একটি সুনির্দিষ্ট চাকরিবিধি প্রণয়ন এখন সময়ের দাবি বলেও তারা উল্লেখ করেন।

আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে বুধবার (৬ মে) রাজধানীর রমনায় সংগঠনটির সদর দপ্তরের কাউন্সিল হলে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সংগঠনটির নেতারা। সভায় সভাপতিত্ব করেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)। সঞ্চালনা করেন সম্মানি সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল। 

প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, বিগত সময়ে নেওয়া অনেক উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এসব প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আইইবির পক্ষ থেকে একটি টাস্কফোর্স গঠনের পরিকল্পনার কথা জানান। 

তিনি বলেন, ‘প্রকৌশল খাতকে শক্তিশালী করতে হলে শুধু অবকাঠামো নির্মাণ নয়, সুশাসন নিশ্চিত, উন্নয়ন প্রকল্পে পেশাদারত্ব, দক্ষতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘আইইবির সদস্যপদ কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান কমিটির মেয়াদকালে প্রায় ১২ হাজার নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সংগঠনটিকে আরও গতিশীল করেছে।’

আইইবির কার্যক্রমের সারসংক্ষেপ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান। তিনি দেশের প্রকৌশল খাতের কাঠামোগত সমস্যাগুলো তুলে ধরে বলেন, সরকারি খাতে নিয়োগ সীমিত থাকায় দেশের ৭০ শতাংশেরও বেশি প্রকৌশলী বেসরকারি খাতে কর্মরত। কিন্তু এসব প্রকৌশলীর বড় একটি অংশ তুলনামূলকভাবে কম বেতন, চাকরির অনিশ্চয়তা এবং সুযোগ-সুবিধার ঘাটতির মধ্যে কাজ করছেন। অনেক ক্ষেত্রে বিনা নোটিসে চাকরি হারানোর ঝুঁকিও রয়েছে।

তিনি বলেন, ‘সরকারের অধিকাংশ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মাঠপর্যায়ে বেসরকারি প্রকৌশলীরাই কাজ করেন। অথচ তাদের জন্য কোনো সুনির্দিষ্ট চাকরিবিধি নেই। এটি একটি বড় বৈষম্য।’

এ বাস্তবতায় বেসরকারি প্রকৌশলীদের জন্য একটি জাতীয় পর্যায়ের চাকরিবিধি প্রণয়নের ওপর জোর দেন তিনি। তার ভাষায়, এটি শুধু প্রকৌশলীদের সুরক্ষার জন্য নয়, বরং সামগ্রিকভাবে উৎপাদনশীলতা ও প্রকল্প বাস্তবায়নের মানোন্নয়নের জন্যও জরুরি। সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

ড. সাব্বির মোস্তফা খান আরও বলেন, ‘দেশের বিভিন্ন প্রকৌশল সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে প্রায়ই অপ্রযুক্তিগত পটভূমির ব্যক্তিদের শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়, যা প্রকল্প বাস্তবায়নে নেতিবাচক প্রভাব ফেলে। এজন্য প্রকৌশল সংস্থাগুলোর চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে যোগ্য প্রকৌশলীদের নিয়োগ নিশ্চিত করতে হবে।’

পাশাপাশি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে কারিগরি দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ দেওয়ারও দাবি জানান তিনি। এ ছাড়া দীর্ঘদিন ভারপ্রাপ্ত বা অতিরিক্ত দায়িত্বে রাখা প্রকৌশলীদের ক্ষেত্রে দ্রুত পদোন্নতি ও গ্রেড প্রদানের আহ্বান জানান। 

আইইবির ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল-হাসান (তমাল) বলেন, ‘দেশের উন্নয়ন, পেশাজীবী সমাজের কার্যক্রম ও জাতীয় অগ্রগতির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য।’

তিনি বলেন, ‘আইইবির কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা আমরা আন্তরিকভাবে প্রত্যাশা করি। প্রযুক্তিনির্ভর উন্নয়নের এসময় প্রকৌশলীদের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেই কাজের সঠিক চিত্র জনগণের সামনে তুলে ধরার দায়িত্বও গণমাধ্যমের।’

মতবিনিময় সভায় আইইবির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী খান মনজুর মোরশেদ, ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস-প্রেসিডেন্ট (এসঅ্যান্ডডব্লিউ) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এইচআরডি) প্রকৌশলী মো. নূর আমিন এবং সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এসঅ্যান্ডডব্লিউ) প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী।

এ ছাড়া ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও এইচআরডি) প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ভাইস-চেয়ারম্যান (অ্যাডমিন, প্রফেশনাল ও এসডব্লিউ) প্রকৌশলী মো. কামরুল হাসান এবং সম্মানি সম্পাদক প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। 

আইইবি নেতারা জানান, জাতীয় উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা, টেকসই অবকাঠামো নির্মাণ এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভবিষ্যতেও গণমাধ্যমের সঙ্গে নিয়মিত সংলাপ অব্যাহত রাখা হবে।

সভায় অংশগ্রহণকারী সাংবাদিকেরা প্রকৌশল খাতের বিদ্যমান চ্যালেঞ্জ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, নীতি-সংস্কার এবং গণমাধ্যম-আইইবি সমন্বয় জোরদারের বিষয়ে মতামত তুলে ধরেন। 

গণমাধ্যমের পক্ষ থেকে অংশ নেন ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম, বৈশাখী টেলিভিশনের সিএনই তৌহিদ শান্ত, চ্যানেল ওয়ানের সিওও ফারহানা নিশু, বিটিভির চিফ নিউজ এডিটর মো. কামরুল ইসলাম, জিটিভির সিইও মো. রফিকুল ইসলাম, হেড অব নিউজ গাউছুল আজম বিপু এবং ডিএমডি আবুল হাসান।

এ ছাড়া কালবেলার ডেপুটি চিফ রিপোর্টার শফিকুল ইসলাম, বণিক বার্তার আমিনুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, খোলা কাগজের প্রধান প্রতিবেদক আলতাফ হোসেন, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের শিহাবুর রহমান, দৈনিক ইনকিলাবের নুরুল ইসলাম, ঢাকা ট্রিবিউনের শেখ শাহরুখ, দৈনিক মানবজমিনের ঢালী আবু হানিফসহ বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া সময় টিভি, বিটিভি, দেশ রূপান্তর, আমাদের সময়, বণিক বার্তা, চ্যানেল ওয়ানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদক, ভিডিও জার্নালিস্ট ও ক্যামেরাপার্সনরা অংশ নেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  আইইবি   টাস্কফোর্স গঠন   প্রকল্পে দুর্নীতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close