কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নতুন চেয়ারম্যান হিসাবে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন।
রোববার (১০ মে) প্রথমবারের মতো তিনি রাজশাহীতে বিএমডিএর প্রধান কার্যালয়ে এলে তাকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. হাসান জাফির তুহিন বলেন, ‘বর্তমান সরকারের সহযোগিতা ও প্রধানমন্ত্রীর সাপোর্ট নিয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে আমি এমনভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, যা সাবেক চেয়ারম্যান মরহুম ড. এম আসাদুজ্জামান চেয়েছিলেন। তার দেখনো পথ ধরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আমি এমনভাবে কাজ করতে চাই, যেন ড. আসাদুজ্জামানের মতো আমার নামও উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষ মনে রাখে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের যে কোনো সরকারি প্রতিষ্ঠানের তুলনায় বিএমডিএর কর্মকর্তারা অনেক অবহেলিত এবং বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীরা দেশের জন্য কাজ করবে, দেশকেও তাদের জন্য করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন নির্বাচনি সফরে রাজশাহী এসেছিলেন, তখন তিনি বিএমডিএর কথা বলেছেন। তিনি বলে গিয়েছেন, এই বরেন্দ্রকে পূর্ণ জীবন দিতে হবে।’
এ প্রতিষ্ঠান বিএনপির সময় গঠিত, বিগত সরকার এই প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। বিগত সরকার দেশে কে আওয়ামীলীগ, কে বিএনপি, কে জামায়াত, কে জাতীয় পার্টি বলে বিভক্ত করে গিয়েছে, বৈষম্য সৃষ্টি করেছে। এই বরেন্দ্র নিয়েও পদে পদে বৈষম্য সৃষ্টি করেছিল তারা। যেহেতু এই প্রতিষ্ঠানের সফলতার সাথে বিএনপির সফলতা জড়িত এবং এলাকার কৃষকের ভাগ্যের উন্নয়ন জড়িত, সেজন্য বিগত আওয়ামী লীগ সরকার এই প্রতিষ্ঠানের সাথে বিমাতা সুলভ আচরণ করে গিয়েছে। বর্তমান সরকার সেই পরিস্থিতির নিরসন চায়। বিএনপি সরকার যতোদিন ক্ষমতায় থাকবে, সকল বৈষম্য দূর করে বাংলাদেশের যতোগুলো কৃষি প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে।’
বিএমডিএর চেয়ারম্যান বলেন, ‘আমার সারা জীবনের যে অভিজ্ঞতা অর্জন করেছি, তার সবটুকু বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কাজে লাগাতে চাই।’
বিএমডিএর কর্মকর্ত কর্মচারীদের স্বপ্ন পূরণের আশ্বাস দিয়ে হাসান জাফির বলেন, ‘কৃষি ও কৃষকের স্বপ্ন পূরণ করতে হবে আমাদের। কৃষকের মুখে হাসি ফোটাতে পারলে, কৃষক হাসলে বাংলাদেশ হাসবে।’
এই ধারণাকে ধারণ করে সবাইকে ঐক্য দ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিএমডিএর সদস্য মো. জাফুরুল্লাহ, মো. সাইফুল ইসলাম হিরক ও বদরুল লাইলি।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল লতিফ, মো. নাজিরুল ইসলাম, মো. জিন্নুরাইন খান, এটিএম মাহফুজুর রহমান ও শিবির আহমেদ, বিএমডিএ সচিব ও নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান, সৈয়দ জিল্লুর বারী, মো. মোস্তাফিজুর রহমান, হারুন-অর-রশিদ, মো. তোফাজ্জল আলী সরকার, মোসা. রুবিনা খাতুন ও সানজিদা খানম মলি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাহাত পারভেজ, সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, সিবিএর সভাপতি মো. মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুক।
অনুষ্ঠানে বিএমডিএর কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নতুন চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
সভা শেষে বিকালে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সরমংলা খাড়িসহ বিভিন্ন কাজ পরিদর্শন করেন হাসান জাফির তুহিন।
উল্লেখ্য, গত ৫ মে রাষ্ট্রপতির আদেশক্রমে হাসান জাফির তুহিনকে এক বছরের জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
কেকে/এমএ