সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গুলিয়াখালী বিচ নিয়ন্ত্রণে নিল প্রশাসন
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৪:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলিয়াখালী সমুদ্রসৈকতে অবশেষে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি পর্যটন এলাকা ঘোষণার চার বছর পর সৈকতের ভেতরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। 

রোববার (১০ মে) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

প্রশাসনের দাবি, গুলিয়াখালী বিচের পরিবেশ রক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

২০২২ সালের ১০ জানুয়ারি গুলিয়াখালী সমুদ্রসৈকতকে সরকারিভাবে পর্যটন এলাকা ঘোষণা করা হয়। প্রায় ২৫৯ দশমিক ১০ একর খাস জমি নিয়ে গড়ে ওঠা এই পর্যটন স্পটটি “সবুজ গালিচা” নামে পরিচিত। পর্যটকদের জন্য সৌচাগার, ব্রিজ, বসার স্থান, ডাস্টবিন ও গাড়ি পার্কিংয়ের সুবিধা তৈরি করে উন্নয়ন সংস্থা ইপসা। পাশাপাশি উপকূল রক্ষায় সেখানে তালগাছ, গেওড়া, খেজুর ও লবণসহনীয় বিভিন্ন গাছও রোপণ করা হয়।

তবে স্থানীয় কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে সৈকতের প্রবেশমুখ ও ভেতরের সবুজ ঘাস দখল করে অবৈধ দোকানপাট নির্মাণ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রশাসনের স্থাপন করা বিভিন্ন সাইনবোর্ড ও সচেতনতামূলক বিলবোর্ড ভাঙচুরের ঘটনাও ঘটে। এছাড়া নির্ধারিত পার্কিং এলাকা দখল করে দোকান নির্মাণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগও ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক প্রভাবের কারণে এতদিন কার্যকর ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন। তবে সম্প্রতি পর্যটকদের ওপর হামলার ঘটনার পর প্রশাসন কঠোর অবস্থান নেয়।

উল্লেখ্য, শনিবার সকালে গুলিয়াখালী সৈকতে দোলনায় বসাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয় পর্যটকসহ আটজন আহত হন। আহতরা সবাই ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (ইউআইটিএস) শিক্ষার্থী বলে জানা গেছে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত শিক্ষার্থীরা অভিযোগ করেন, দোলনায় বসার জন্য টাকা দিতে হয়—এ তথ্য না জানায় দোকানদারদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয় কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে তারা সীতাকুণ্ড থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পর্যটকদের ওপর হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর পরদিন রোববার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে দোতলা অবৈধ স্থাপনাসহ সব দোকানপাট গুঁড়িয়ে দেন।

অভিযান শেষে ইউএনও ফখরুল ইসলাম বলেন, ‘গুলিয়াখালী সমুদ্রসৈকতের পরিবেশ, সৌন্দর্য ও পর্যটন এলাকার শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে আর কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সে বিষয়ে নিয়মিত নজরদারি থাকবে।’

অভিযানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close