মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
খোলাকাগজ স্পেশাল
আইনশৃঙ্খলার চরম অবনতি
অপরাধীদের বাড়বাড়ন্ত
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৯:১৫ এএম আপডেট: ১২.০৫.২০২৬ ৯:১৭ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

দেশে হঠাৎ করেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। এতে বেপরোয়া হয়ে পড়েছে পেশাদার অপরাধীরা। পরিস্থিতি এমন হয়েছে যে, খোদ পুলিশও হামলার শিকার হয়েছে। এ ছাড়া প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা বাড়ছে। চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে অহরহ। ঈদুল আজহার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে শঙ্কায় সাধারণ মানুষ। পশুর বাজারকেন্দ্রিক এ প্রবণতা আরও বাড়তে পারে বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। তারা বলছেন, ঈদযাত্রায়ও এর প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে নাগরিক নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে ধানমন্ডি থানা পুলিশের একটি দল হামলার শিকার হয়েছে। এ সময় পুলিশের ছোড়া গুলিতে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে আরও দুজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সকাল ছয়টার দিকে মোহাম্মদপুর টাউন হলের পেছনে আজম রোডের গলিতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পূর্বের একটি মামলার তদন্তের সূত্র ধরে গোপন তথ্যের ভিত্তিতে সকাল পৌনে ছয়টার দিকে ছিনতাইকারীদের ধরতে ধানমন্ডি থানা-পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ছিনতাইকারীরা চায়নিজ কুড়াল, চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে এক পুলিশ সদস্য দুটি ফাঁকা গুলি ছোড়েন। এরপরও ছিনতাইকারীরা হামলার চেষ্টা অব্যাহত রাখলে ওই পুলিশ সদস্য এক ছিনতাইকারীর পায়ে লক্ষ্য করে গুলি করেন।

গুলিবিদ্ধ ছিনতাইকারীর নাম সাকিব। পুলিশি প্রহরায় সোহরাওয়ার্দী হাসপাতালে তার চিকিৎসা চলছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে পলাশ ও বিপ্লব নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ চক্র ধানমন্ডিসহ আশপাশের এলাকায় মোটরসাইকেলে ঘুরে চাপাতি ও ছুরি নিয়ে হামলা চালিয়ে ছিনতাই করে আসছিল।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে চায়নিজ কুড়াল, চাপাতি, চাকু ও একটি খেলনা রিভলভার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্যও সামান্য আহত হয়েছেন এবং হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

র‌্যাবের তিন সদস্যকে কুপিয়ে জখম

এর আগে গত মঙ্গলবার নারায়ণগঞ্জে সাদা পোশাকে থাকা র‌্যাবের গোয়েন্দা দলের তিন সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শহরের দেওভোগের লিচুবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ লিচুবাগ এলাকায় র‌্যাব-১১-এর সাদা পোশাকের একটি গোয়েন্দা দল মাদকের আস্তানা রেকি করতে সেখানে যায়। তারা সেখানে পৌঁছানোর পরপরই কিছু বুঝে ওঠার আগেই অতর্কিতভাবে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তারা র‌্যাবের তিন সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর অবস্থায় উপপরিদর্শক (এসআই) নজিবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্য দুজন হলেন মাহী (২৫) ও ইব্রাহিম (২৫)।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মাহবুব প্রথম আলোকে বলেন, সাদা পোশাকে র‌্যাবের একটি গোয়েন্দা দলের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ও র‌্যাবের অভিযান চলছে।

র‌্যাব সদস্যদের ওপর হামলার রেশ না কাটতেই পরদিন বুধবার ফতুল্লায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় লুটপাটের অভিযোগে আটক হওয়া তিনজনকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়া হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে পশ্চিম দেওভোগের হাশেম বাগ এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। পরে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।

বাড়ছে প্রকাশ্যে গুলি

সম্প্রতি রাজধানীসহ দেশের বেশ কয়েকটি জেলায় গুলি করে হতাহতের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার মহাখালী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. রফিকুল ইসলাম (৪০) নামে এক হাসপাতালকর্মী আহত হন। আহত রফিকুল মিরপুর ১৪ নম্বরের ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মচারী। তিনি মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) স্টাফ কোয়ার্টারে থাকেন।

আহতের বোন রাশেদা জানান, ঘটনার সময়ে মহাখালী পুরাতন কাঁচাবাজারের সামনে দাঁড়িয়ে ছিলেন রফিকুল। ওই সময় অজ্ঞাতনামা ৫/৬ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে চলে যায়। এতে একটি গুলি তার বাম ঊরুতে বিদ্ধ হয়। পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার মোস্তফা তারিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, “আমরা যতটুকু জানতে পেরেছি, মাদকসংক্রান্ত দুটি গ্রুপের পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।”

এদিকে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে এসে দুর্বৃত্তের গুলিতে হাসান রাজু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে রেশমি আক্তার (১২) নামে এক শিশু। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রৌফাবাদ এলাকার বাঁশবাড়িয়া বিহারির কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত রাজুর বাড়ি রাউজান উপজেলার কদলপুর এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ-ছয়জন যুবক মুখে মাস্ক পরে এসে রাজুকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৬ এপ্রিল রাউজানের কদলপুর এলাকায় নাসির উদ্দিন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত নাসিরের মেয়ে লাভলী আক্তার হাসান রাজুর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। নাসির প্রবাসফেরত ও যুবদলের কর্মী ছিলেন।

অভিনব কৌশলে ছিনতাই

রাজধানীতে ছিনতাইয়ের অভিনব কৌশলে সক্রিয় হয়েছে একটি সংঘবদ্ধ চক্র। তারা প্রাইভেটকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। পরিকল্পিতভাবে তারা পথচারী, সাইকেল ও মোটরসাইকেল আরোহীদের টার্গেট করে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর মারধর করে মোবাইল ফোন, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়। নগদ টাকা না পেলে ভুক্তভোগীর ব্যাংক কার্ড বা বিকাশ অ্যাকাউন্ট থেকে জোরপূর্বক অর্থ উত্তোলন করা হয় বলেও অভিযোগ রয়েছে। শুধু লুটপাটেই থেমে না থেকে অনেক ক্ষেত্রে অপহরণের চেষ্টাও চালানো হচ্ছে।

রাজধানীর উত্তরা এলাকায় এমন একটি ঘটনার অভিযোগ সামনে আসার পর নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মাহমুদ ইশতিয়াক গত রোববার উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সম্প্রতি এ ধরনের ঘটনা উত্তরা এলাকায় আরও ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  অপরাধ   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close