রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মাগুরায় টিসিবির ৪৩৪ কেজি চাল জব্দ, ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত টিসিবির চাল খোলা বাজারে বিক্রির সময় স্থানীয় জনতার হাতে আটক হয়েছে একটি ইজিবাইক। এ সময় ৪৩৪ কেজি সরকারি চাল জব্দ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার নাগড়া এলাকার হাটবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালগুলো জব্দ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাগড়া বাজারের টিসিবি ডিলার ‘বাবু এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বাবুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কার্ডধারীদের চাল গোপনে বিক্রির অভিযোগ রয়েছে। বুধবার দুপুরে টিসিবির বরাদ্দকৃত চাল একটি ইজিবাইকে করে অন্যত্র নেওয়ার সময় স্থানীয় লোকজন সন্দেহ করে গাড়িটি থামান। পরে তল্লাশি করে সরকারি চাল পাওয়া গেলে পুলিশকে খবর দেওয়া হয়।

চাল ক্রেতা হিসেবে পরিচয় দেওয়া মাগুরার বাহারবাগ এলাকার মো. ফারুক বিশ্বাস বলেন, “আমি মূলত বস্তা কিনতে এসেছিলাম। তখন ডিলার বাবু আমার কাছে চাল বিক্রির প্রস্তাব দেন। আমি ৩০ টাকা কেজি দরে চাল কিনেছি। তবে এগুলো সরকারি চাল ছিল, তা জানতাম না।”

অভিযোগের বিষয়ে টিসিবি ডিলার রফিকুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেন, “এগুলো গত মাসের জমে থাকা চাল ছিল।” সরকারি চাল বাইরে বিক্রির নিয়ম আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, “অনেক কার্ডধারী চাল নিতে চায় না, তারা টাকা চায়। তাই সেই চাল বিক্রি করেছি।”

সরেজমিনে দেখা গেছে, ডিলারের গুদামে চাল বিক্রির খালি বস্তার পাশাপাশি চিনি ও তেলের মজুদও রয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতার সঙ্গে ডিলারের বাকবিতণ্ডা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ডিলার দীর্ঘদিন ধরে গরিবের জন্য বরাদ্দকৃত টিসিবির পণ্য গোপনে বিভিন্ন দোকানে বিক্রি করে আসছেন। তারা দ্রুত ডিলারশিপ বাতিল এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. শাহনুর জামান বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি মালামাল নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close