মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      
রাজনীতি
ঢাকা উত্তর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই, সভাপতি-সম্পাদক পদে আলোচনায় যারা
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১০:১৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটি যেকোনো সময় ঘোষণা হতে পারে। দীর্ঘদিন আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত সংগঠনকে নতুন করে শক্তিশালী ও সুসংগঠিত কাঠামোয় নিয়ে আসতে কেন্দ্রীয় নেতৃত্ব নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। 

নতুন কমিটি ঘিরে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা, হিসাব-নিকাশ ও সম্ভাব্য নেতৃত্ব নিয়ে তৎপরতা দেখা যাচ্ছে।

নেতৃত্ব নির্বাচনে এবার কঠোর মূল্যায়ন

দলীয় সূত্র জানায়, এবার শুধু পদ বণ্টন নয়; বরং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা, ক্লিন ইমেজ এবং তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিগত সরকারবিরোধী আন্দোলনের সময় যারা মামলা, গ্রেপ্তার, হামলা ও দমন-পীড়নের মধ্যেও রাজপথে সক্রিয় ছিলেন এবং সংগঠন সচল রেখেছেন, তাদের নামই এখন অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

২০২৩ সালের আগস্টে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের আগের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে শরীফ উদ্দিন জুয়েল আহ্বায়ক এবং মনিরুল ইসলাম স্বপন, তসলিম আহসান মাসুম ও আবুল হাসান টিটু যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান। সদস্য সচিব করা হয় সাজ্জাদুল মিরাজকে। এরপর থেকে মহানগরের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, মিছিল, সমাবেশ এবং সাংগঠনিক কার্যক্রমে এই নেতাদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সভাপতি পদে আলোচনায় যারা

সভাপতি পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বর্তমান সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। তার পাশাপাশি যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, মনিরুল ইসলাম স্বপন, আবুল হাসান টিটু, আমিনুল ইসলাম এবং এস এম মিজানুর রহমান রাজের নামও আলোচনায় রয়েছে।

তসলিম আহসান মাসুম দীর্ঘদিন ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনিরুল ইসলাম স্বপনকে দলীয় নেতাকর্মীরা রাজপথের পরীক্ষিত নেতা হিসেবে দেখছেন। আন্দোলন-সংগ্রামের সময় তার সক্রিয় ভূমিকা এবং সংগঠনের সমন্বয় রক্ষায় অবদান রয়েছে বলে দলীয় সূত্র জানায়।

আবুল হাসান টিটুও সাংগঠনিকভাবে সক্রিয় নেতা হিসেবে আলোচনায় রয়েছেন। থানা ও ওয়ার্ড পর্যায়ে সংগঠন পরিচালনা এবং কর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার কারণে তিনি সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আছেন।

এছাড়া আমিনুল ইসলামও ছাত্ররাজনীতি থেকে উঠে আসা অভিজ্ঞ নেতা হিসেবে আলোচনায় রয়েছেন। আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ এবং তৃণমূলের সঙ্গে সম্পর্ক তাকে এই দৌড়ে রাখছে।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা

সাধারণ সম্পাদক পদেও চলছে তীব্র আলোচনা। এ পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন আহমেদ এবং উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ-উর-রহমান লিপকন।

এছাড়া তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল হক হিমেল এবং রামপুরা থানা ছাত্রদল ও যুবদলের সাবেক নেতা কামাল আহমেদ দুলুর নামও আলোচনায় রয়েছে।

দলীয় সূত্র বলছে, অভিজ্ঞতা ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে এই গুরুত্বপূর্ণ পদে সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব।

তৃণমূলের প্রত্যাশা

ঢাকা মহানগর উত্তর যুবদলের তৃণমূল নেতাকর্মীরা জানান, তারা এবার ত্যাগী, বিতর্কমুক্ত এবং গ্রহণযোগ্য নেতৃত্ব চান। তাদের মতে, দীর্ঘদিন আন্দোলনে যারা রাজপথে ছিলেন এবং দুঃসময়ে সংগঠনকে সচল রেখেছেন, তাদেরই যথাযথ মূল্যায়ন হওয়া উচিত।

ঢাকা মহানগর উত্তর যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের কমিটি পুনর্গঠনের বিষয়েও আলোচনা চলছে। এরই মধ্যে একাধিক থানা ও ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। সব মিলিয়ে নতুন কমিটি ঘিরে সংগঠনের ভেতরে ও বাইরে রাজনৈতিক আলোচনা আরও জোরদার হয়েছে। কে সভাপতি হচ্ছেন এবং কে সাধারণ সম্পাদক হচ্ছেন—এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ। তবে চূড়ান্ত সিদ্ধান্তে কেন্দ্রীয় নেতৃত্ব কাদের ওপর আস্থা রাখে, সেদিকেই এখন নজর সবার।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, দল যাকে যোগ্য মনে করবে, তাকেই দায়িত্ব দেবে। তিনি বলেন, দলের সিদ্ধান্তের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে এবং নেতাকর্মীরাও সেই সিদ্ধান্ত মেনে নেবে।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেন, দল তাকে মূল্যায়ন করছে, এটিই তার কাছে সবচেয়ে বড় বিষয়। ভবিষ্যতে দল যে সিদ্ধান্ত নেবে, সেটিকে তিনি সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবে মেনে নেবেন বলে জানান তিনি।

যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং সভাপতি পদপ্রার্থী তসলিম আহসান মাসুম বলেন, তিনি দীর্ঘদিন সংগঠনের পেছনে সময় দিয়েছেন। দল যদি তার ওপর আস্থা রাখে, তবে সেটিকে তিনি সর্বোচ্চ সম্মান জানাবেন। তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্তই তার কাছে চূড়ান্ত।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  যুবদল   ঢাকা মহানগর উত্তর   পূর্ণাঙ্গ কমিটি   রাজনীতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close