মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বগুড়াকে আধুনিক মহানগরী করতে মেগা পরিকল্পনা আসছে : প্রতিমন্ত্রী শাহে আলম
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৫:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া শহরের যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নে একগুচ্ছ মেগা পরিকল্পনা আসছে বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

তিনি জানিয়েছেন, শহরের মাটিডালি থেকে বনানী পর্যন্ত একটি বিশেষ ডেডিকেটেড বাস সার্ভিস চালুর জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বুয়েটের একটি টিম নিয়ে সড়ক বিভাগ সমীক্ষা সম্পন্ন করেছে।

রোববার (২৪ মে) দুপুর সাড়ে ১২টায় বগুড়া সিটি কর্পোরেশনে কনফারেন্স হলে আয়োজিত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব এসব তথ্য জানান। 

নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের উদ্যোগে শহরের ফুটপাত মুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সভায় শাহে আলম বলেন, ‘মাটিডালী-বনানী রুটে ২০-২৫টি আধুনিক এসি বাস দিনভর চলাচল করবে। নির্দিষ্ট কাউন্টার থেকে যাত্রী ওঠানামা করা হবে এবং সাশ্রয়ী ও নির্দিষ্ট ভাড়া ১০ বা ২০ টাকা নির্ধারণ করা হবে। এই প্রজেক্টটি বাস্তবায়িত হলে ওই সড়কে কোনো রিকশা, অটো-রিকশা বা ভ্যান চলতে দেওয়া হবে না, রাস্তাটি সম্পূর্ণ ফ্রি রাখা হবে।’

শহরের দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা রেলগেট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘সিরাজগঞ্জ-বগুড়া রেল সংযোগ স্থাপিত হলে লালমনিরহাট-গাইবান্ধা রুটে রেলের চাপ আরও বাড়বে। তাই শহরের অভ্যন্তরে ১, ২ ও ৩ নম্বর রেলগেটে দ্রুত ওভারপাস নির্মাণের জন্য বুয়েটের টিম দিয়ে সমীক্ষা করার জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে সড়ক বিভাগ কিংবা সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে এটি বাস্তবায়ন করা হবে।’

বগুড়ার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা টেনে শাহে আলম জানান, শিগগিরই বগুড়া ওয়াসা এবং আধুনিক আবাসন ও পরিকল্পিত শহর গড়ার লক্ষ্যে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বিডিএ) গঠন করা হচ্ছে। পাশাপাশি আইজিপির ঘোষণা অনুযায়ী বগুড়া মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) আদলে কাজ চলছে।’

প্রধানমন্ত্রী আগামীতে বগুড়া সফরে এলে এই মেগা প্রকল্পগুলোর আনুষ্ঠানিক ঘোষণা ও গতি আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আসন্ন ঈদুল আজহার বর্জ্য অপসারণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী সব সিটি কর্পোরেশনকে ১২ ঘণ্টার মধ্যে কুরবানির বর্জ্য অপসারণ করতে হবে। যেহেতু এটি নতুন সিটি কর্পোরেশন, তাই আমি বিশ্বাস করি নতুন প্রশাসক অন্যান্য সিটির সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করে বগুড়াবাসীকে স্বস্তি দেবেন। 

শাহে আলম ইজি বাইক ও ইলেকট্রিক গাড়ি নিয়ন্ত্রণে বুয়েটের অনুমোদিত ডিজাইন অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দ্রুতই নতুন আইন ও বিধিমালা পাসের কথা জানান, যার মাধ্যমে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো এই যানগুলোর রেজিস্ট্রেশন ও তদারকি করতে পারবে।

বগুড়া সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এমআর ইসলাম স্বাধীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া সদর-৬ আসনের সাংসদ রেজাউল করিম বাদশা এবং সংরক্ষিত নারী আসনের সাংসদ সুরাইয়া জেরিন রনি।

এমআর ইসলাম স্বাধীন বলেন, ‘বগুড়া শহরের ২১টি ওয়ার্ডের শ্রমিক নেতৃবৃন্দ ও দায়িত্বপ্রাপ্তদের নিয়ে ইতোমধ্যে বৈঠক করা হয়েছে। ঈদের দিন পরিচ্ছন্নতার দিক থেকে যে ওয়ার্ড সবচেয়ে এগিয়ে থাকবে, তাকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করা হবে। শ্রমিকেরা রাত ৮টার মধ্যেই শহর বর্জ্যমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।’

হকারদের উচ্ছেদ না করে পুনর্বাসনের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘শহরের ফুটপাতে বসা হকারদের ৭০-৮০ শতাংশই গাইবান্ধা ও সিরাজগঞ্জ এলাকার। সবাইকে সঙ্গে নিয়ে একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে বগুড়াকে একটি পরিচ্ছন্ন মহানগরী হিসেবে গড়ে তোলা হবে।’

সভায় জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সুপারিশকৃত ১০ দফার একটি মহাপরিকল্পনা উপস্থাপন করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হলো সাতমাথার ফুটপাত দখলমুক্ত করা, করতোয়া গেটলক বাস সার্ভিস বনানীতে স্থানান্তর, নন্দীগ্রাম ও সোনাতলার বাস তিনমাথায় এবং ঠনঠনিয়া ঢাকা বাসস্ট্যান্ড বনানীতে স্থানান্তর করা।

এছাড়া দত্তবাড়ি ও এডওয়ার্ড পার্কের সিএনজি স্ট্যান্ড শহরের বাইরে সরিয়ে নেওয়া এবং এসপি ব্রিজ থেকে করতোয়া নদীর দুই তীর ঘেঁষে ফতেহ আলী ব্রিজ পর্যন্ত রাস্তা সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়। এই মহাপরিকল্পনাটি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। 

শাহে আলম জানান, ঈদের পর অংশীজনদের নিয়ে দিনব্যাপী সরেজমিনে পরিদর্শন ও বৈঠকের পর এই সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করবে সিটি কর্পোরেশন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   আধুনিক মহানগরী   মেগা পরিকল্পনা   প্রতিমন্ত্রী শাহে আলম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close