বিজিবির উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের চারটি সেক্টরের ১৫টি ব্যাটালিয়ন গত এক বছরে সাড়ে ৯৪ কোটি টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক করেছে। এ সময়ে ১৪টি দেশি-বিদেশি পিস্তল, ৭টি বিদেশি ওয়ান শুটার গান, ২৫টি ম্যাগাজিন, ৭৫ রাউন্ড গুলি ও ৫ হাজার ৩৫০ রাউন্ড শিসা গুলি উদ্ধার করেছে।
রোববার (২৪ মে) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যোন্ট কর্ণেল মো. সিরাজুল ইসলাম এসব তথ্য জানান।
নীলফামারী ব্যাটালিয়নের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিরাজুল ইসলাম জানান, গত এক বছরে রংপুর রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় অভিযানে ৫৪৭ জন আসামিসহ ৯৪ কোটি ৫৪ লাখ ৪৯ হাজার ৫৭৩ টাকা মূল্যের মাদক ও চোরাচালান পণ্য আটক করা হয়। এ সময়ে ২ হাজার ২৫৩টি গরু, ৫৩৩টি মহিষ ও ৩৪টি ছাগল আটক করা হয়। বৈদেশিক মুদ্রার মধ্যে ২৪ হাজার ৬০২ মার্কিন ডলার, ৩ লাখ ২৩ হাজার ৯৫৫ ভারতীয় রুপি, ৩ হাজার ইন্দোনেশিয়ান রুপি জব্দ করা হয়। পাশাপাশি ভারতে পাচারের সময় ১৩ জনকে উদ্ধারসহ নারী ও শিশু পাচারকারী চক্রের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। এছাড়া ১৪টি দেশি-বিদেশি পিস্তল, ৭টি বিদেশি ওয়ান শুটার গান, ২৫টি ম্যাগাজিন, ৭৫ রাউন্ড গুলি এবং ৫ হাজার ৩৫০ রাউন্ড শিসা গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত থেকে বিভিন্ন প্রকার প্রসাধনী পণ্য, ঔষধ, খাদ্যসামগ্রী, শাড়ি, লেহেঙ্গা, কাপড়, কম্বল, শাল, জিরা, ধান, চিনি, পিঁয়াজ, আপেল, জ্বালানি তেল, কাঁচা চা-পাতা ও মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দসহ চোরাচালানে ব্যবহৃত ট্রাক, ইজিবাইক, ইঞ্জিনচালিত নৌকা, মোটরসাইকেল ও বাইসাইকেলও আটক করা হয়।
সিরাজুল ইসলাম বলেন, ‘সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমে শীতবস্ত্র বিতরণ, আর্থিক সহায়তা, মেডিক্যাল ক্যাম্প, স্কুল-মাদ্রাসায় শিক্ষা উপকরণ বিতরণসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় এবং দেশের জ্বালানি তেল পাচার প্রতিরোধেও সফলভাবে দায়িত্ব পালন করা হয়।’
সভায় ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর কাজী আসিফ আহমেদ, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, যুগ্ম সভাপতি হাসান রাব্বী প্রধান, সাবেক সভাপতি তাহমিন হক ববী, সহসভাপতি ভুবন রায় নিখিল, আনোয়ারুল হক প্রধান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, সাবেক সাধারণ সম্পাদক নুর আলম, নির্বাহী সদস্য মীর মাহমুদুল হাসান আস্তাক প্রমুখ উপস্থিত ছিলেন।
কেকে/এমএ