পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৪টি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভ্রমণ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। ফলে পর্যটকদের প্রতি স্পটে জনপ্রতি ৫০ টাকা করে সাশ্রয় হবে।
রোববার (২৪ মে) বিকেলে বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রে বৃহস্পতিবার (২৮ মে) সকল দর্শনার্থী বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপলক্ষে পর্যটনকেন্দ্রগুলো ভ্রমণে ছাড়ের ঘোষণায় খুশি পর্যটকরা। জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। এই ধরনের পদক্ষেপ পর্যটন খাতকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং পর্যটকদের বান্দরবান ভ্রমণে আগ্রহ বৃদ্ধি করবে বলে আশাবাদী সকলে।
উল্লেখ্য, এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৭ ও ২৮ মার্চ বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রগুলো ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করেছিল।
কেকে/এলএ