মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      
দেশজুড়ে
সৌদির সঙ্গে মিল রেখে বগুড়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ১:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার গাবতলী উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ ও আগাম ঈদ উদযাপিত হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় গাবতলী রেলস্টেশন-সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। গাবতলী ছাড়াও জেলার সোনাতলা ও ধুনট উপজেলার কিছু স্থানে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাবতলীতে এবার নিয়ে চতুর্থবারের মতো এভাবে আগাম ঈদ উদযাপন করা হলো। তবে আবহাওয়া বৈরী থাকায় এবং বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছুটা পর মসজিদের ভেতরে এই জামাত অনুষ্ঠিত হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে এবার মুসল্লিদের উপস্থিতি অন্যবারের চেয়ে কিছুটা কম ছিল। নারী ও শিশুসহ অর্ধশতাধিক মুসল্লি এই জামাতে অংশ নেন। গাবতলী ছাড়াও পাশের কাহালু ও ধুনট উপজেলা থেকেও বেশ কিছু মুসল্লি এই জামাতে অংশ নিতে আসেন। নামাজে ইমামতি করেন স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

ঈদের জামাতে ইমামতি করা মিজানুর রহমান পেশায় একজন দর্জি। নামাজ শেষে তিনি বলেন, “আমি কোনো মসজিদের খতিব নই। টেইলারিংয়ের কাজ করে খাই এবং দ্বীনি এলেম চর্চা করি। আমরা ২০১২ সাল থেকে এই নিয়ম মেনে ঈদের সালাত আদায় করে আসছি। বিশ্বজুড়ে চাঁদ একটাই। প্রযুক্তির এই যুগে সৌদি আরবে চাঁদ দেখার খবর মাত্র দুই সেকেন্ডে আমাদের কাছে চলে আসে। সেখানে যখন চাঁদ দেখা যায়, তখনই ইসলামী বিধান অনুযায়ী আমল শুরু হওয়া উচিত। তারিখের এই পার্থক্যের কারণে শবে কদর বা আরাফাতের সিয়ামের মতো গুরুত্বপূর্ণ ইবাদতগুলো নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। আমরা মূলত রাসুল (সা.)-এর সুন্নাহকে পুরোপুরি অনুসরণ করতেই এই সিদ্ধান্ত নিয়েছি।”

ধুনট থেকে নামাজ পড়তে আসা মুসল্লি আব্দুস সালাম বলেন, “রাসুল (সা.) বলেছেন, আরাফাতের দিনে সিয়াম পালন করলে আগের ও পরের এক বছরের গুনাহ মাফ হয়। সৌদি আরবে গতকালই আরাফাতের দিন পার হয়ে গেছে এবং আজ তারা কুরবানি দিচ্ছেন। তাই আমরাও গতকাল সিয়াম পালন করেছি এবং আজ তাদের সঙ্গে মিল রেখে ঈদের সালাত আদায় করলাম। আমরা যারা এখানে ঈদের নামাজ পড়লাম, তারা আজই নিজ নিজ বাড়িতে কোরবানি সম্পন্ন করব।”

গাবতলী পৌর এলাকার আব্দুর রাজ্জাক বলেন, “বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ। এখানে যার যার ধর্ম ও ধর্মীয় বিশ্বাস স্বাধীনভাবে পালনের অধিকার সরকার দিয়েছে এবং প্রশাসনও আমাদের নিরাপত্তা দিচ্ছে। দেশের আলেম-ওলামাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যেন আমাদের ভুল বা সঠিক বলার আগে নিজেরা কুরআন ও হাদিস নিয়ে একসঙ্গে বসেন এবং একটি সঠিক, যৌক্তিক সিদ্ধান্তে আসেন। কোনো বিভেদ না করে আলোচনার মাধ্যমে এই বিষয়ের সমাধান হওয়া জরুরি।”

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। নামাজ শেষে মুসল্লিরা যার যার গন্তব্যে চলে গেছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   ঈদুল আজহা   জামাত অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close