সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
‘এভাবে বাড়িতে শাড়ি চলে আসবে ভাবিনি’—ঈদের আনন্দ পৌঁছে দিল ইসলাবাড়ির তরুণরা
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৭:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঈদুল আজহার পূর্বে নতুন শাড়ি পেয়ে সেটা বারবার দেখছিলেন বাসুপাড়া ইউনিয়নের ইসলাবাড়ি গ্রামের এক নারী। তার চোখেমুখে ছিল বিস্ময় আর আনন্দের মিশ্র অনুভূতি। বলছিলেন, ‘এভাবে বাড়িতে শাড়ি চলে আসবে, ভাবতেই পারিনি। এলাকার ছেলেপেলেরা যে এভাবে মনে রাখবে, ভালো লাগছে।’

রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম ইসলাবাড়িতে এবার ঈদুল আজহার আনন্দ ছিল একটু অন্য রকম। গ্রামের অসচ্ছল মানুষের ঘরে ঘরে ঈদুল আজহার উপহার পৌঁছে দিয়েছেন একদল তরুণ। 

সোমবার বিকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তারা বাড়ি বাড়ি গিয়ে প্রায় ২০০ মানুষের হাতে নতুন কাপড় ও উপহার তুলে দেন।

শুধু উপহার দেওয়া নয়, মানুষের মর্যাদা রক্ষার বিষয়টিকেও গুরুত্ব দিয়েছেন তারা। তাই প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং নীরবে মানুষের বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে উপহার।

ইসলাবাড়ি উত্তরপাড়ার এক বাসিন্দা বলেন, ‘ঈদুল আজহার আগে নতুন জামা কেনা আমাদের জন্য অনেক কঠিন। এটা কিনতে পারতাম না। এবার ঈদে নতুন জামা পরতে পারব।’

সংগঠনের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, ২০২২ সালে কয়েকজন তরুণ মিলে ‘ইসলাবাড়ি তরুণ স্টার’ নামে সংগঠন গড়ে তোলেন। বাগমারার বাসুপাড়া ইউনিয়নের এই গ্রামের অধিকাংশ মানুষ বর্গাচাষের ওপর নির্ভরশীল। অর্থনৈতিক সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা থেকেই তাদের এই উদ্যোগের শুরু। শুরুতে সদস্য ছিলেন হাতে গোনা কয়েকজন। এখন সংগঠনটির সঙ্গে যুক্ত আছেন প্রায় ৪০ তরুণ। তাদের বেশির ভাগই গ্রামের সন্তান। কেউ পড়াশোনা, কেউ চাকরির কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় থাকেন। নিজেদের অর্থায়নেই পরিচালনা করেন সংগঠনের সব কার্যক্রম।

ঈদের উপহার বিতরণ ছাড়াও সারা বছর নানা সামাজিক উদ্যোগ চালিয়ে যাচ্ছেন তারা। প্রতি তিন মাস পরপর ঢাকা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনে গ্রামের মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। রোগীদের তথ্য সংরক্ষণের জন্য রাখা হয়েছে আলাদা স্বাস্থ্য রেজিস্টারও। চিকিৎসার পাশাপাশি বিনা মূল্যে ওষুধও দেওয়া হয়। এ ছাড়া দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার খরচ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সহযোগিতা ও অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়েতেও সহায়তা করে সংগঠনটি।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম বলেন, ‘আমরা মানুষের পাঁচটি মৌলিক অধিকার—খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা নিয়ে কাজ করছি। ঈদুল ফিতরে খাদ্যসামগ্রী বিতরণ করি, ঈদুল আজহায় বস্ত্র দিই। পাশাপাশি স্বাস্থ্যসেবা ও শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক। বাইরে থেকে কোনো অনুদান আসে না। আমরা যারা যুক্ত আছি, নিজেদের অর্থ দিয়েই কাজগুলো করি।’

গ্রামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মো. সেকেন্দার আলী বলেন, ‘তরুণদের এ কাজ দেখে আমরা সত্যিই অভিভূত। সমাজের বিত্তবান মানুষ যদি তাদের পাশে দাঁড়াতেন, তাহলে তারা আরও বড় পরিসরে কাজ করতে পারত। এই ছেলেদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঈদের আনন্দ   ঘরে ঘরে পৌঁছে দেওয়া   ইসলাবাড়ির তরুণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close