শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৫ জুন ২০২৬
শিরোনাম: প্রতিরক্ষা শিল্পে পদক্ষেপ নেওয়ার বার্তা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর      ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি      ভারতের অরুণাচল প্রদেশে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা      বিশ্ব পরিবেশ দিবস আজ      দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পদ্মায় পড়ে গেছে বাস      ফাঁকা বাজারেও চড়া দাম      বহুমাত্রিক চাপে অর্থনীতি      
আন্তর্জাতিক
দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৫:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে। এরই মধ্যে ওই বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করেছে বাংলাদেশ হাইকমিশন।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে ফেসবুকে দেওয়া বার্তায় হাইকমিশন জানায়, নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ নুরুল আমিন (৪৪)।

হাইকমিশন আরও জানায়, নুরুল আমিন ও তার স্বজনরা চিকিৎসার জন্য দক্ষিণ দিল্লির মালভিয়া নগর এলাকার ওই হোটেলে অবস্থান করছিলেন। তারা কাছের ম্যাক্স হসপিটালে চিকিৎসা নিতে এসেছিলেন। বাংলাদেশ হাইকমিশন নুরুল আমিনের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য করতে কাজ করছে।
 
বুধবার (৩ জুন) সকালে দক্ষিণ দিল্লির মালভিয়া নগর এলাকার একটি বহুতল ভবনে অবস্থিত ওই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জনই বিদেশি নাগরিক।
 
হাইকমিশন জানায়, আগুনের ঘটনায় অন্তত আটজন বাংলাদেশি আহত হয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে বলা হয়, তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা দিল্লির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
 
নয়াদিল্লিতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকরা আহত ও বেঁচে যাওয়া বাংলাদেশিদের সঙ্গে এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। মিশনের প্রধান ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
 
পুলিশের তথ্যানুযায়ী, স্থানীয় সময় সকাল ৯টার কিছু আগে হোটেলটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আটটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। একজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, দুপুরের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
 
পুলিশ জানায়, পুলিশ, ফায়ার সার্ভিস ও অন্য জরুরি সেবাকর্মীদের সমন্বিত অভিযানে ৪০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করে আশপাশের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এদিকে, এ ঘটনায় বুধবার রাতেই ফ্লারিশ স্টে নামে ওই হোটেলের মালিক লভকেশ বাজাজকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারের পর হোটেলের মালিক লভকেশ বাজাজকে বৃহস্পতিবার ৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। হোটেলটি পরিচালনাকারী হিসাবরক্ষক জয় মিশ্র এবং ম্যানেজার রাকেশকে খুঁজছে পুলিশ। বাজাজের মালিকানাধীন কাছাকাছি আরও দুটি একই ধরনের প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়েছে।
 
পুলিশ জানিয়েছে, দুই ডজনেরও বেশি কক্ষ থাকা সত্ত্বেও হোটেলটির লাইসেন্স ছিল মাত্র ছয়টি কক্ষ পরিচালনার জন্য। এছাড়া প্রতিষ্ঠানটি অগ্নিনিরাপত্তার বেশ কয়েকটি নিয়মও লঙ্ঘন করেছিল।
 
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ভবনের বেজমেন্টে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 
তদন্তকারীরা অগ্নিনিরাপত্তা বিধিমালা লঙ্ঘনের একাধিক অভিযোগ খতিয়ে দেখছেন। এর মধ্যে রয়েছে ফায়ার সার্ভিসের অনাপত্তিপত্র (ফায়ার এনওসি) না থাকা, ভবনে প্রবেশ ও বের হওয়ার জন্য মাত্র একটি পথ থাকা, জানালাগুলো সিল করে রাখা এবং অনুমোদিত ধারণক্ষমতার চেয়ে বেশি লোককে সেখানে অবস্থান করানো।

সূত্র : রয়টার্স

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড   বাংলাদেশির মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close