রোববার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৭ জুন ২০২৬
শিরোনাম: ভারতে মোদি সরকারের পতনের শঙ্কা তৈরি করছে ‘তেলাপোকা পার্টি’      হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে : এমপি সানসিলা      টানা দুই মাসে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি      অ্যাডহক কমিটির প্রধান থেকে বিসিবির সভাপতি তামিম      তোফায়েল আহমেদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব      ঢাকা থেকে ১২৪৪টি পত্রিকা প্রকাশিত হয় : সংসদে তথ্য প্রতিমন্ত্রী      মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই      
দেশজুড়ে
খানসামায় পৈত্রিক জমির গাছ কেটে তাণ্ডব, প্রাণনাশের হুমকি
ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর)
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৯:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলার ৪ নম্বর খামারপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া এলাকার খালেক চেয়ারম্যান পাড়ায় পৈত্রিক সম্পত্তি নিয়ে ভয়াবহ বিরোধের জেরে গাছ কেটে ব্যাপক তাণ্ডব, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একই পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 
 
রোববার (৭ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী ও খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক চৌধুরী জানান, তিনি পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। পারিবারিক বণ্টননামা অনুযায়ী প্রাপ্ত ওই জমিতে তিনি বিভিন্ন প্রজাতির মূল্যবান কাঠগাছ রোপণ ও দীর্ঘদিন ধরে পরিচর্যা করে আসছিলেন। 

কিন্তু একই পরিবারের একটি পক্ষ দীর্ঘদিন ধরে ওই জমি দখলের অপচেষ্টা ও নানা ধরনের চাপ সৃষ্টি করে আসছিল বলে তিনি অভিযোগ করেন। 
 
অভিযোগে বলা হয়েছে, ‘রোববার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে এবং উপড়ে দেয়। মুহূর্তের মধ্যে বহু বছরের পরিচর্যায় গড়ে ওঠা গাছগুলো ধ্বংস হয়ে যায়।’ 

এতে প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন আবু বক্কর সিদ্দিক। 
 
ঘটনার খবর পেয়ে ভুক্তভোগীর স্বজনরা তাকে বিষয়টি অবহিত করেন। পরে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার দৃশ্য দেখে প্রতিবাদ জানান। 

কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। 
 
তিনি আরও জানান, একপর্যায়ে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং মারধরের উদ্দেশ্যে তেড়ে আসা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। 

তবে যাওয়ার আগে অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 
 
প্রত্যক্ষদর্শী মোতালেব হোসেন চৌধুরী, খলিলুর রহমান চৌধুরী ও মোকসেদুর রহমান বলেন, ‘আমরা ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে গিয়েছিলাম। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় দেখি কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে জমিতে থাকা গাছ ভেঙে ফেলছে এবং উপড়ে দিচ্ছে। দৃশ্যটি দেখে আমরা হতবাক হয়ে যাই।’
 
তারা আরও বলেন, ‘আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি আবু বক্কর সিদ্দিক চৌধুরীকে জানাই। তিনি ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলে অভিযুক্তরা আরও উত্তেজিত হয়ে ওঠে। আমাদের সামনেই তারা চিৎকার-চেঁচামেচি করে পরিবেশ উত্তপ্ত করে তোলে। এমন ঘটনা আমরা আগে কখনো দেখিনি।’ 
 
প্রত্যক্ষদর্শীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। 

ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক চৌধুরী বলেন, ‘আমি আমার বৈধ পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে গিয়ে আজ হুমকির মুখে। গাছ কেটে ফেলা হয়েছে পরিকল্পিতভাবে। প্রতিবাদ করায় আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমি ও আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় আছি।’ 
 
তিনি প্রশাসনের কাছে ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 
 
এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাসেত সরকার বলেন, ‘ঘটনার পর ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  খানসামা   পৈত্রিক জমি   গাছ কেটে তাণ্ডব   প্রাণনাশের হুমকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close