সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ জুন ২০২৬
শিরোনাম: রাশিয়া পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী, বৈঠক করবেন সের্গেই ল্যাভরভের সঙ্গে      ট্রেনের ছাদে ভ্রমণে বাড়ছে মৃত্যুঝুঁকি      ১৬ মাসে মূল্যস্ফীতি সর্বোচ্চ      অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি বিনিয়োগে বড় পরিকল্পনা      রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ      ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা      ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা      
খোলাকাগজ স্পেশাল
নতুন সরকারের বাজেট অধিবেশন শুরু
অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি বিনিয়োগে বড় পরিকল্পনা
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:০৯ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। গতকাল রোববার বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। বিএনপি সরকার গঠনের পর এটি সংসদের প্রথম বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করবেন। এবারের অধিবেশনে অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গেছে।

এর আগে সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এ অধিবেশন আহ্বান করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়।

মূলত অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হলেও প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার রেকর্ড ঘাটতিকে বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। উল্লেখ্য, চলতি ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের চেয়ে সাত হাজার কোটি টাকা কমিয়ে সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিল অন্তর্বর্তী সরকার, যা পরে সংশোধিত হয়ে সাত লাখ ৮৮ হাজার কোটি টাকায় নেমে আসে। সে সময় উন্নয়ন খরচ কমিয়ে ভর্তুকি ও অনুন্নয়ন ব্যয় বাড়ানো হয়েছিল। সেই হিসাবে বিএনপি সরকারের আসন্ন বাজেট চলতি অর্থবছরের চেয়ে প্রায় ১৮ শতাংশ বড় হতে যাচ্ছে। অতীতে সাধারণত বাজেটের আকার ১০ থেকে ১৫ শতাংশ হারে বাড়ানো হতো।

বাজেট অধিবেশনে ১৯১ প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (২০২৬ সালের বাজেট অধিবেশন) আগামী ৯ জুলাই পর্যন্ত চলবে। এ অধিবেশনে সংসদ সদস্যদের ১৯১টি প্রশ্নের উত্তর দেবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশন শুরুর আগে গতকাল জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ দিন বিকাল তিনটার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শোক প্রস্তাবের মধ্য দিয়ে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এটি চলতি সংসদের প্রথম বাজেট অধিবেশন। ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের প্রথম বাজেট।

নতুন সরকারের বাজেট উপস্থাপন ১১ জুন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটিই সংসদের প্রথম বাজেট অধিবেশন। গতকাল বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হয়। অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। বৈশ্বিক ঝুঁকি মোকাবিলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর সুপারিশ আংশিক বাস্তবায়নের কারণে ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শুরু হয়েছে। গতকাল বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম দিনে ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের নায়ক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ ও সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে তা সংসদে গৃহীত হয়। মৃতদের স্মরণে এক মিনিট শোক প্রকাশ করে জাতীয় সংসদ।

অধিবেশনে আওয়ামী লীগের নেতা ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমত উল্লাহ, দবিরুল ইসলাম, এ বি এম আনোয়ারুল হক, মোসলেম উদ্দিন, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শফিক আহমেদ এবং দশম সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল মতিনের মৃত্যুতে শোক জানানো হয়। এছাড়া বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, অধ্যাপক এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, জি এম ফজলুল হক, জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, আবু নূর মোহাম্মদ বাহাউল হক, গোলাম সারোয়ার মিলন এবং সিপিবির সংসদ সদস্য মো. সামসুদ্দোহার মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় সংসদ।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় সংসদ। এছাড়া জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, কবি হেলাল হাফিজ, ছায়ানটের সভাপতি সঞ্জীদা খাতুন, প্রখ্যাত সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী, লেখক বদরুদ্দীন উমর, নজরুলসংগীত শিল্পী ডালিয়া নওশীন, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, সংঘরাজ ড. জ্ঞানীশ্রী মহাস্থবির এবং সাংবাদিক গাজী রুহুল আমিনের মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় সংসদ। সংসদের রীতি অনুযায়ী প্রয়াত মন্ত্রী, এমপি ও দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে অধিবেশনের প্রথম দিন শোক প্রকাশ করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   বাজেট  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close