চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন রোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৯জুন) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর (৫৮) বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম।
সীমান্তজুড়ে টহল বৃদ্ধি, গোয়েন্দা তৎপরতা জোরদার ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট বিভাগ।
বিজিবি সূত্রে জানা গেছে, প্রতিবেশী দেশ থেকে জোরপূর্বক বাংলাদেশে নাগরিকদের ঠেলে পাঠানোর (পুশ-ইন) আশঙ্কা বিবেচনায় নিয়ে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিন-রাত দায়িত্ব পালন করছেন বিজিবির সদস্যরা।
জানা যায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয়দের সচেতন করতে মাইকিং করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধেও বিশেষ নজরদারি চলছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ‘সীমান্তে বিজিবির এই কঠোর অবস্থান ও নজরদারির ফলে পুশ-ইনসহ যেকোনো অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে।’
এ বিষয়ে মো. রফিকুল আলম বলেন, “সীমান্তে পুশ-ইন কিংবা অবৈধ অনুপ্রবেশের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে স্থানীয়দের সচেতন করতে মাইকিং করা হচ্ছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সর্বদা বিজিবি সবসময় দায়িত্বশীল ও প্রস্তুত রয়েছে। এখনও পর্যন্ত কোন পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ ঘটেনি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ রয়েছে।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘দেশের স্বার্থে রক্ষার্থে এক চুলও ছাড় নয়।”
কেকে/এমএ