আগামী ১৭ জুন মৌলভীবাজার জেলা সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে জেলার শ্রীমঙ্গল ও রাজনগরে সম্ভাব্য অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলসহ বিএনপির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৯ জুন) সকালে জেলা প্রশাসন ও বিএনপির প্রতিনিধি দল দুই উপজেলার সম্ভাব্য ভেন্যুগুলো পরিদর্শন করেছেন।
সকালে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়। পরে দুপুরে রাজনগর উপজেলা চত্বর এবং রাজনগর ডিগ্রি কলেজ মাঠ পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুল মুকিত, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলুন, সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী প্রমুখ।
তৌহিদুজ্জামান পাভেল জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে সম্ভাব্য ভেন্যুগুলো পরিদর্শন করা হয়েছে।
তিনি জানান, আগামী ১৭ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনগর উপজেলা ও শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে পারেন। সে লক্ষ্যে সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করা হচ্ছে। তবে ভেন্যু নির্বাচন এখনও চূড়ান্ত হয়নি। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সম্ভাব্য স্থানগুলো পরিদর্শনের পর নিরাপত্তা ও অন্যান্য বিষয় বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
প্রধানমন্ত্রীর সফরে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির বাইরে অন্য কোনো কর্মসূচি থাকবে কি না-এমন প্রশ্নের জবাবে তৌহিদুজ্জামান পাভেল বলেন, ‘এ মুহূর্তে আমার জানা মতে, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিই মূল আয়োজন। তবে পরবর্তী সরকারি পর্যায় থেকে নতুন কোনো কর্মসূচি যুক্ত হলে, সে বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
আব্দুর রহিম রিপন বলেন, ‘প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে মৌলভীবাজারবাসীর বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি রয়েছে। আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর সফরে জেলার প্রাণের দাবি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, শমশেরনগর বিমানবন্দর চালু ও আধুনিকায়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষি ও হাওরাঞ্চলের উন্নয়নসহ বিভিন্ন জনদাবির বিষয় গুরুত্ব পাবে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর সফল করতে প্রশাসনের পাশাপাশি মৌলভীবাজর সদর-রাজনগর আসনের সাংসদ এম নাসের রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দও সার্বিক প্রস্তুতি নিয়েছেন। আমরা চাই, এ সফরের মাধ্যমে মৌলভীবাজারের উন্নয়ন-অগ্রগতির নতুন দ্বার উন্মোচিত হোক এবং দীর্ঘদিনের জনগণের প্রত্যাশাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাক।’
এদিকে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে শ্রীমঙ্গল ও রাজনগরে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সভাকক্ষে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বিষয়ে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, ‘মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুইলপুর মৌজায় প্রাথমিকভাবে ১৮৪ জন সুবিধাবঞ্চিত ব্যক্তিকে চিহ্নিত করে তালিকা প্রস্তুত করা হয়েছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলা সফর করতে পারেন বলে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘সুইলপুর মৌজাটি দুর্গম এলাকায় হওয়ায় অনুষ্ঠান আয়োজনের জন্য শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠকে বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল আগমন বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো সরকারি চিঠি বা আনুষ্ঠানিক নির্দেশনা পাইনি। বিষয়টি চূড়ান্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলো কাজ করছে। তবে নিরাপত্তা ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও সফর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা অগ্রবর্তী টিম ও এসএসএফ চূড়ান্তভাবে অনুষ্ঠানস্থল নির্ধারণ করবে।’
মৌলভীবাজার-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘অনুষ্ঠান সফল করতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর সফল করতে সম্ভাব্য অনুষ্ঠান স্থলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগম নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল ও সার্বিক আয়োজনের বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।
কেকে/এমএ