বান্দরবানের লামা উপজেলায় ফাইতং ইউনিয়নে গভীর রাতে দুইটি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রে সজ্জিত ডাকাত দল বাড়ি দুইটিতে হামলা চালিয়ে নগদ টাকা, মোবাইল ও টর্চলাইট লুট করে। লুটপাটের পাশাপাশি বাড়ির এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা এবং পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২১ জুন) দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে উপজেলার ফাইতং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাঙ্গাঝিরি এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে ৭-৮ জনের সশস্ত্র ডাকাত দল রাঙ্গাঝিরি গ্রামের মৃত নুরুল হকের ছেলে নুর আলম এবং একই গ্রামের আলী আহমদের স্ত্রী বুলবুলি আক্তারের বসতবাড়িতে হানা দেয়। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে তাণ্ডব চালায়।
নুর আলমের বাড়ি থেকে ডাকাত দল ২টি মোবাইল ফোন, ১টি বিদেশি লাইট ও নগদ ৪ হাজার টাকা লুটে নেয়। এরপর তারা পাশের বুলবুলি আক্তারের বাড়িতে ঢুকে ৪টি মোবাইল ফোন ও ৪টি টর্চলাইট ছিনিয়ে নেয়। লুটপাটের একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা ওই বাড়ির এক নারীর শ্লীলতাহানির চেষ্টা করে। এতে বাধা দিলে ডাকাতরা বাড়ির লোকজনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, প্রত্যন্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার না থাকায় প্রায়ই এমন ঘটনা ঘটছে।
এ বিষয়ে ফাইতং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিনহাজুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের শনাক্তে পুলিশি অভিযান জোরদার রয়েছে।’
কেকে/এমএ