মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি ইসরাইলের হামলা, বাড়ছে হতাহত      জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬      লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ পানিবন্ধি      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব      ‘যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’      একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই      
খোলাকাগজ স্পেশাল
পেশিশক্তি দেখাচ্ছে জামায়াত
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:৫৫ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

দীর্ঘ বছর নির্যাতিত থাকা দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। কিন্তু চব্বিশের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগহীন মাঠে পাল্টে যায় সব হিসাব। ক্ষমতার কেন্দ্রে চলে আসে জামায়াত। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে জামায়াত। আদর্শ ধারণ করে রাজনীতি করা সেই জামায়াত এখন রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মারমুখী আচরণ শুরু করেছে। 

কর্মীদের বেপরোয়া আচরণ, ভিন্নমত সহ্য করতে না পারা এমনকি সামান্য কারণে অন্য দলের নেতাকর্মীদের ওপর হামলা করতেও দ্বিধা করছেন তারা। ফলে দলটির নেতাকর্মীদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। অতি সম্প্রতি বাড়ির সীমানা নিয়ে বিরোধে বাংলাদেশ বেতারের সাবেক প্রধান কারি আবু রায়হানকে মারধরের অভিযোগ অভিযোগ ওঠে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। এছাড়া মাত্র এক দিনের ব্যবধানে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে এক সংবাদকর্মীর ওপর হামলার ঘটনায়ও ঘটিয়েছেন দলটির কর্মীরা।

জানা গেছে, ময়মনসিংহে ফুলবাড়িয়া উপজেলার কালিবাজাইল গ্রামে দীর্ঘদিনের জমি ও বাড়ির সীমানাসংক্রান্ত বিরোধের জেরে গত রোববার মারধরের শিকার হন আবু রায়হান (৬৪)। এ সময় তার বাঁ-ঊরুর ওপরের অংশের হাড়ে গুরুতর আঘাত লাগে। 

ঘটনাটি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও দুদিন পর ভুক্তভোগীর প্রবাসী ছেলে ইফতেখার জামিল সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার চেয়ে পোস্ট দিলে ব্যাপক আলোচনা শুরু হয়। তার অভিযোগ, হামলায় জড়িত ব্যক্তিদের মধ্যে জামায়াতের একজন রুকন ও স্থানীয় পর্যায়ের কর্মী রয়েছেন এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন।

পোস্টটি ভাইরাল হওয়ার পর প্রশাসন সক্রিয় হয়। আহতের ছেলে কাউসার জামিল বাদী হয়ে মামলা করলে পুলিশ একজন আসামিকে আটক করে। মামলার আরেক আসামি স্থানীয় ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য কামরুল হাসান দাবি করেন, বিষয়টি তার নজরে আসার সঙ্গে সঙ্গে তিনি প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আলোচনায় না এলে প্রশাসনিক তৎপরতা আরও বিলম্বিত হতে পারত।

অন্যদিকে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এক সংবাদকর্মীর ওপর হামলা করেন দলটির কর্মীরা। হামলায় শিকার দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির দাবি বলেন, ‘মিছিল শেষ করে জামায়াতের নেতারা বক্তব্য দিচ্ছিলেন। হাজারীবাগ থানার আমির যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন টিভির ক্যামেরাম্যানরা তাদের বলছিলেন সবাই বক্তব্য না দিয়ে মূল বক্তা যেন বক্তব্য দেন। সবাই বক্তব্য দিলে আমরা সেটি নিউজে ধরাতে পারব না। তখন হাজারীবাগ থানার আমির বলেন, ‘আমরা সবাই বক্তব্য দিব, আপনারা থাকলে থাকেন, না থাকলে নাই। আপনাদের দরকার নাই।’

সে কথার প্রতিক্রিয়া জানানোয় তার ওপর হামলা হয়েছে জানিয়ে শিশির বলেন, ‘আমি তখন প্রতিবাদ করে বলি, আপনারা এভাবে আমাদের সঙ্গে কথা বলতে পারেন না। আমরা তো সাংবাদিক, আপনাদের কর্মী নই। এরপর কয়েকজন এসে আমার আইডি কার্ড চেক করে। আমি আইডি কার্ড পকেট থেকে বের করার আগেই স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে মারধর শুরু করে। এরপর আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গেলে দ্বিতীয় দফায় আমার ওপর হামলা করা হয়।’

এ সাংবাদিক জানান, এ ঘটনার পর জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন ও সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন তার খোজ নিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন।

এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুটি ঘটনার প্রেক্ষাপট আলাদা হলেও এখানে রাজনৈতিক পেশিশক্তি প্রদর্শন ও প্রভাব খাটানোর বিষয়টি প্রকাশ পেয়েছে, যা জামায়াতে ইসলামী রাজনৈতিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। এ ঘটনা তদন্তে দলের মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ধানমন্ডি জোনের পরিচালক নুর নবী মানিকের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনের ওপর ভিত্তি করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও দলীয় সূত্রে জানা গেছে।

সাংবাদিকদের ওপর হামলা, চারজন বহিষ্কার

ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে সংঘটিত অনাকাক্সিক্ষত ঘটনার পরিপ্রেক্ষিতে ৪ জনকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গতকাল বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতরা হলেন শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম এবং মামুন হোসেন। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে একটি ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে একটি অনাকাক্সিক্ষত ও দুঃখজনক ঘটনা ঘটে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পেশিশক্তি   জামায়াত  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close