লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে মৃত কামালের পরিবারের চার সদস্যের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় পালানোর সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পৌর শহরের মধ্যবাজার গোডাউনের পেছনে নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎস্পৃষ্টে নিহত হাঁড়ি বিক্রেতা কামালের পরিবারের সদস্যরা নদীর পাড়ের একটি ঘরে বসবাস করতেন। সকালে স্থানীয়রা ঘরের ভেতর থেকে অস্বাভাবিক পরিস্থিতি টের পেয়ে সেখানে যান। পরে ঘরের ভেতরে পরিবারের সদস্যদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর একজনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর এক ভাসমান ফল বিক্রেতা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকেও ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। নিহতদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/ এমএস