খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন ইউপিডিএফ সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রেখুং পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন— গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের লক্ষ্যসিপাড়া এলাকার হ্লাপ্রুসাই মারমা (৩০), গুইমারা সদর ইউনিয়নের কলাপাড়া এলাকার তেজেন্দ্র চাকমা (২৭) এবং একই ইউনিয়নের মানসিপাড়া এলাকার বিশ্ব ত্রিপুরা (২৮)।
যৌথ বাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রেখুং পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা সাংগঠনিক কার্যক্রম শেষে সেখানে অবস্থান করছিলেন।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, তিন রাউন্ড গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন, একটি চাকু, তিনটি ব্যাগ, এক জোড়া বুট জুতা এবং ১১ হাজার টাকা জব্দ করা হয়।
মাটিরাঙ্গা জোন সূত্রে জানা গেছে, আটক তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/ এমএস