গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে তিন দিনব্যাপী ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। বাংলাদেশ বেসবল ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (২৬ জুন) টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
‘বেসবলের শক্তি, তারুণ্যের অঙ্গীকার; ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যে আয়োজিত প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসারসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১৪টি দল অংশ নিয়েছে। বাংলাদেশ বেসবল ফেডারেশনের নিজস্ব মাঠ না থাকায় বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির মাঠে টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, দেশের যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে বেসবলের মতো সম্ভাবনাময় খেলার আয়োজন সময়োপযোগী উদ্যোগ।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ে বিস্তৃত বাংলাদেশ আনসার ও ভিডিপির সাংগঠনিক নেটওয়ার্কের মাধ্যমে এ খেলার প্রসার ঘটানো সম্ভব এবং এটি যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে বাংলাদেশ আনসার ও ভিডিপির সম্পৃক্ততা বাহিনীর সাংগঠনিক সক্ষমতা, অবকাঠামোগত প্রস্তুতি এবং জাতীয় ক্রীড়া উন্নয়নে তাদের অঙ্গীকারের প্রতিফলন।
বিশ্বব্যাপী জনপ্রিয় বেসবল বর্তমানে বাংলাদেশে প্রাথমিক পর্যায়ে থাকলেও সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতে এটি দেশের অন্যতম জনপ্রিয় খেলায় পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ এবং বাংলাদেশ বেসবল ফেডারেশনের কর্মকর্তারা বক্তব্য দেন। এছাড়া বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, বিভিন্ন দলের খেলোয়াড়, প্রশিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস