দেশের উত্তরাঞ্চলের দীর্ঘদিনের পানিসংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে পদ্মা ব্যারেজ নির্মাণ, পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, কৃষকদের জন্য নতুন ‘কৃষক কার্ড’ এবং প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
সংসদে প্রধানমন্ত্রী বলেন, ‘উত্তরাঞ্চলের মানুষ, বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগের বাসিন্দাদের অন্যতম প্রধান দাবি তিস্তা ও পদ্মা নদীকে ঘিরে পানির স্থায়ী সমাধান নিশ্চিত করা।’
তিনি বলেন, ‘বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে।’
তিস্তা ব্যারেজ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’
দেশজুড়ে সেচব্যবস্থা ও পানি ব্যবস্থাপনা উন্নত করতে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ইতোমধ্যে গত তিন মাসে প্রায় ৯০০ কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি পানি সংকটও অনেকাংশে কমবে।
নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার গঠনের প্রথম সপ্তাহেই ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দিতে ‘কৃষক কার্ড’ চালু করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে প্রতিবছর সরাসরি আড়াই হাজার টাকা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি কৃষকরা আরও ১০ ধরনের সরকারি সুবিধা পাবেন। আগামী অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষকের হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
চলচ্চিত্র, সংগীত, থিয়েটার, ওটিটি, ডিজিটাল কনটেন্ট, গেমিং, ফ্যাশন ও সফটওয়্যারসহ উদীয়মান খাতকে 'ক্রিয়েটিভ ইকোনমি' হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
একই সঙ্গে দেশে-বিদেশে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের জন্য জাতীয় সম্মানী কাঠামো চালু এবং শিক্ষা কারিকুলামে খেলাধুলাকে স্বতন্ত্র বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগের কথাও জানান তিনি।
বিদেশে কর্মরত বাংলাদেশিদের বিভিন্ন সেবা সহজ করতে ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নতুন শ্রমবাজার অনুসন্ধানের পাশাপাশি প্রবাসীদের প্রশাসনিক ও সেবাসংক্রান্ত জটিলতা কমাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে দক্ষ, আধুনিক ও নৈতিক মূল্যবোধভিত্তিক করে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, দেশের তরুণদের জন্য একটি দক্ষ, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতেই সরকার কাজ করছে।
কেকে/ এমএস