সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম: যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি ইসরাইলের হামলা, বাড়ছে হতাহত      জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬      লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ পানিবন্ধি      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব      ‘যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’      একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই      
রাজনীতি
জাতীয় সংসদ তোষামোদের জায়গা নয়: ডা. শফিকুর রহমান
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ২:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সংসদ কোনো ব্যক্তিকে তোষামোদ করার জায়গা নয়; এটি জনগণের প্রতিনিধিদের দায়িত্ব পালনের পবিত্র স্থান। জনগণের করের টাকায় পরিচালিত সংসদে যেন আর কোনো ধরনের চরিত্রহননের ঘটনা না ঘটে।’

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার ও বিরোধী দলের মতপার্থক্য গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য। তবে মতের ভিন্নতা থাকলেও সংসদের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা।’ 

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা নিজেদের বিবেক, মহান আল্লাহ এবং জনগণের কাছে দায়বদ্ধ।

বাজেট অধিবেশনকে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিবেশন উল্লেখ করে তিনি বলেন, ‘একটি বাজেটের ওপরই দেশের অর্থনীতি ও উন্নয়নের বড় অংশ নির্ভর করে। তাই এ আলোচনা হওয়া উচিত দায়িত্বশীল, তথ্যভিত্তিক এবং গঠনমূলক।’

অতীতে সংসদে ব্যক্তিকে খুশি করতে গান, কবিতা ও অতিরঞ্জিত প্রশংসার সংস্কৃতির সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, এসব অপসংস্কৃতি সংসদের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি স্পিকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংসদে ব্যক্তিগত আক্রমণ, চরিত্রহনন ও তোষামোদের যে ‘ব্যাড কালচার’ ছিল, তা পুরোপুরি বন্ধ করতে হবে।

সংসদকে একটি যানবাহনের সঙ্গে তুলনা করে ডা. শফিকুর রহমান বলেন, একটি চাকা সরকার এবং অন্যটি বিরোধী দল। যেকোনো একটি দুর্বল হলে গণতন্ত্রও দুর্বল হয়ে পড়ে। তাই পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সংসদ পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, বিরোধী দল সরকারের সব সিদ্ধান্তের বিরোধিতা করবে না, আবার সরকারও বিরোধী দলের যৌক্তিক মতামতকে উপেক্ষা করবে না। এ ধরনের রাজনৈতিক সংস্কৃতি গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

বক্তব্যে তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জেনারেল আতাউল গণি ওসমানী এবং আ স ম আবদুর রবের অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি ২০২৪ সালের গণঅভ্যুত্থান, ৯০-এর গণআন্দোলন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান।

বাজেটকে একটি রাষ্ট্রের উন্নয়নের রূপরেখা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান জুলাই-জুন অর্থবছরের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বরভিত্তিক ক্যালেন্ডার ইয়ার চালু করা হলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বছরের শেষ দিকে তড়িঘড়ি কাজ, অপচয় ও অনিয়ম অনেকটাই কমে আসবে।

তিনি আরও বলেন, বিরোধী দলের ভূমিকা হচ্ছে সরকারের কাজের গঠনমূলক সমালোচনা করা এবং জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কার্যকর নজরদারি রাখা। সরকারের পাশাপাশি রাষ্ট্রের নির্বাহী বিভাগকেও বাজেট বাস্তবায়নে সর্বোচ্চ জবাবদিহি নিশ্চিত করতে হবে।

শেষে তিনি আশা প্রকাশ করেন, বাজেট আলোচনায় সরকারি ও বিরোধী দলের যৌক্তিক সুপারিশগুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সংশোধন করা হবে, যাতে সংসদীয় বিতর্ক বাস্তব অর্থেই জনগণের কল্যাণে ভূমিকা রাখে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জাতীয় সংসদ   তোষামোদ   ডা. শফিকুর রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close