স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিংয়ের প্রজেক্ট (ক্রিম্প) আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সফটওয়্যার রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন (এসআরএস) প্রণয়ন ও সফটওয়্যার অ্যানালাইসিস ও ডিজাইন (এসএডি) বিষয়ক দুইটি কর্মশালা হয়েছে।
সোমবার (২৯ জুন) এলজিইডির সদর দপ্তরের সেমিনার কক্ষে এ দুই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন বলেন, “আধুনিক বাংলাদেশ বিনির্মাণে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সঠিক তথ্য ও জ্ঞানের সুপরিকল্পিত ব্যবহার অপরিহার্য। এলজিইডি দেশের গ্রামীণ ও শহর অঞ্চলের অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্রিলিকের এই ‘নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস)’ আমাদের প্রকৌশলী, গবেষক ও নীতিনির্ধারকদের জন্য জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে প্রয়োজনীয় তথ্য ও অভিজ্ঞতা আদান-প্রদানের একটি আধুনিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”
সভাপতির বক্তব্যে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আজহারুল ইসলাম বলেন, “যেকোনো টেকসই সফটওয়্যার বা সিস্টেমের মূল ভিত্তি হলো তার সঠিক অ্যানালাইসিস ও নিখুঁত ডিজাইন। আজকের এই কর্মশালার মাধ্যমে যে সফটওয়্যার রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন (এসআরএস) এবং সফটওয়্যার অ্যানালাইসিস ও ডিজাইন (এসএডি) চূড়ান্ত করা হচ্ছে তা ভবিষ্যতের একটি শক্তিশালী ও ব্যবহারকারীবান্ধব ডেটাবেজ তৈরিতে ভূমিকা রাখবে। ক্রিলিকের এই উদ্যোগ এলজিইডির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অত্যন্ত সহায়ক হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি।”
কর্মশালায় অ্যাসাইনমেন্টের জন্য নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান অ্যাডি সফট লিমিটেডের সফটওয়ার ডেভেলপার মো. শাহনেওয়াজ রাসেল, এজিএম মো. শরিফুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার মো. নিয়ামত উল্লাহ নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের (কেএমএস) এসআরএস প্রণয়ন ও সফটওয়্যার অ্যানালাইসিস ও ডিজাইন বিষয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
অংশগ্রহণকারীদের মূল্যবান মতামত গ্রহণের মাধ্যমে এই সিস্টেমটিকে আরও কার্যকর ও টেকসই হিসেবে গড়ে তোলা এই আয়োজনের প্রধান লক্ষ্য ছিলো।
কর্মশালায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন, কাজী সাইফুল কবীর, মো. ওয়াহিদুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী ও ক্রিম্প-ক্রিলিকের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (এসডিআইআরআইআইপি) প্রকল্প পরিচালক মো. লতিফ হোসেন, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
কেকে/এমএ