প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, তিস্তা, গঙ্গাসহ ভারতের সঙ্গে অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে চায় বাংলাদেশ। একই সঙ্গে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিস্তা মহাপরিকল্পনাসহ সংশ্লিষ্ট সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের প্রাথমিক প্রস্তাবে নদীশাসন, ড্রেজিং ও তীর সংরক্ষণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলায় তিস্তায় নতুন একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, অন্য কোনো দেশের নিরাপত্তাজনিত উদ্বেগ থাকলে বাংলাদেশ তা বিবেচনায় নিলেও দেশের স্বার্থের সঙ্গে কোনো আপস করবে না।
দুর্নীতি প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ এবং এর কোনো তামাদি নেই। তাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) উচিত স্বাধীনভাবে অন্তর্বর্তী সরকারের সময়ের দুর্নীতির অভিযোগ তদন্ত করা। একই সঙ্গে আগের সরকার কিংবা বর্তমান সরকারের যেকোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা তদন্তের আওতায় আনা উচিত।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকাকালে রিফাইন্ড, তৃণমূল বা অন্য কোনো নামে রাজনৈতিক কর্মসূচি পরিচালনার সুযোগ নেই। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা উচিত বলে সরকারের অবস্থান রয়েছে।
তিনি আরও বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। যারা এ নির্দেশনা অমান্য করছেন, তারা আদালতের আদেশ লঙ্ঘন করছেন। সরকার আশা করে, গণমাধ্যম আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকবে।
তথ্য কমিশন ও গণমাধ্যম কমিশন গঠনের কাজ দ্রুত এগিয়ে চলছে জানিয়ে তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই দুটি কমিশন গঠন করা হবে।
খাদ্য নিরাপত্তা বিষয়ে তিনি জানান, বর্তমানে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি খাদ্য মজুদ রয়েছে। এতে বাজারে মূল্য স্থিতিশীল রাখা সহজ হচ্ছে এবং কৃষকও ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন। সরকারের লক্ষ্য ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি করা, যাতে টিসিবির ট্রাকের প্রয়োজনই না হয়।
যোগাযোগ খাতে দেশের সব টোল প্লাজায় একটি সমন্বিত ইন্টিগ্রেটেড ট্যাগের মাধ্যমে ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা চালুর কাজ চলছে বলেও জানান তিনি।
স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি বলেন, নিয়ম অনুযায়ী প্রতি ছয় মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ হওয়ার কথা থাকলেও এবার তা ১৫ মাস পর বিতরণ করা হয়েছে।
হজ ব্যবস্থাপনা নিয়ে তিনি জানান, এ বছরের সব হাজি দেশে ফিরে এসেছেন এবং বর্তমানে কোনো হাজি নিখোঁজ নেই।
ডিজিটাল সংযোগ সম্প্রসারণের বিষয়ে তিনি বলেন, হাওর, বাওড় ও প্রান্তিক অঞ্চলে ইন্টারনেট সেবা নিশ্চিত করতে এক হাজারের বেশি হটস্পট চালু করা হয়েছে এবং এ সংখ্যা আরও বাড়ানো হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে তিনি জানান, বজ্রপাতে প্রাণহানি কমাতে কৃষক ছাউনি নির্মাণ এবং বজ্র নিরোধক দণ্ড স্থাপনের মতো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
জাতীয় পতাকায় আরবি হরফ ব্যবহারের বিষয়ে তিনি বলেন, সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। এর সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। কেন এ ধরনের ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের ঘটনায় ভুল বার্তা যাওয়ার আশঙ্কা থাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/ এমএস