গাজীপুরের কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান ও একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মধ্যে তাৎক্ষণিক ত্রাণ ও আর্থিক সহায়তা দিয়েছেন কাপাসিয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হক।
রোববার (১২ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোরে হঠাৎ মার্কেটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ৮টি দোকান ও একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাপাসিয়ার নবাগত ইউএনও হাফিজুল হক। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে জরুরি ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে শুকনো খাবার, ১০ কেজি চাল, ডাল, চিনি, তেল ও প্রয়োজনীয় মসলা দেওয়া হয়। এছাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাঁচজন ব্যবসায়ীর পুনর্বাসনের জন্য ১০ বান্ডিল ঢেউটিন এবং ৩০ হাজার টাকা করে নগদ অনুদান প্রদান করা হয়।
ইউএনও হাফিজুল হক বলেন, “এই অগ্নিকাণ্ড অত্যন্ত মর্মান্তিক। আকস্মিক এ দুর্ঘটনায় ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। উপজেলা প্রশাসন শুরু থেকেই ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। আজ জরুরি খাদ্যসামগ্রী, ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও সরকারি বরাদ্দ পাওয়া গেলে তা পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে। যেকোনো দুর্যোগ ও সংকটে প্রশাসন সবসময় জনগণের পাশে থাকবে।”
ঘটনাস্থল পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কর্মকর্তারা, কাপাসিয়া বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস