জুলাই শহীদ দিবস উপলক্ষে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ আনাস হল চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক।
এছাড়া জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুস শাহীদ মিয়া, সদস্য সচিব ড. মো. আসাদুর রহমান, শহীদ আনাস হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল কাদের, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে এম. এয়াকুব আলী বলেন, ‘‘জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে যে দ্বিতীয় স্বাধীনতার সূচনা হয়েছে, সেই দিনকে স্মরণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কর্মসূচি গ্রহণ করেছে, তা প্রশংসনীয়। জুলাই থেকে আগস্ট পর্যন্ত যেসব কর্মসূচি নেওয়া হয়েছে, সেগুলো যথাযথভাবে বাস্তবায়িত হবে বলে আশা করি।’’
প্রধান অতিথির বক্তব্যে একেএম মতিনুর রহমান বলেন, “আজকের এই দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ শহীদ হন। তার আত্মত্যাগ দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন গতি এনে দেয় এবং বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে। আবু সাঈদের রক্তের মধ্য দিয়েই দেশে ফ্যাসিবাদমুক্তির যাত্রা শুরু হয়। তার অবদানকে স্বীকৃতি জানিয়ে রাষ্ট্র আজকের দিনটিকে জুলাই দিবস হিসেবে পালন করছে।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং একই সাথে যারা গুরুতর আহত বা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। যারা জুলাই আন্দোলনে আত্মহতি দিয়েছে, তারা যেন যথাযথ সম্মান, মর্যাদা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশা করি।”
এছাড়াও, জুলাই শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেকে/এমএ