বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনাম: বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে দুই নৌকাডুবি, ৫৩০ রোহিঙ্গা নিহত      বোয়ালখালীতে লবণ কারখানায় অগ্নিকাণ্ড, ১০ শ্রমিক দগ্ধ      চট্টগ্রামসহ আট অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে      ইরানে দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা      আজ জুলাই শহীদ দিবস : নির্ভিক আবু সাঈদের রক্তে অগ্নিগর্ভ দেশ      ডিফেন্সিভ কৌশল নিয়ে সমালোচনা, জবাব দিলেন টুখেল      সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী      
খোলাকাগজ স্পেশাল
সর্বস্তরের নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা
ময়মনসিংহ নগরকে বাসযোগ্য করতে চান মউক চেয়ারম্যান
শাহ মোহাম্মদ রনি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:৫৩ পিএম আপডেট: ১৬.০৭.২০২৬ ৪:০৫ পিএম
মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার

মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার

অনেকটাই অচল ময়মনসিংহ নগরীকে সরকারের সার্বিক সহযোগিতায় বাসযোগ্য হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। সর্বস্তরের নাগরিকদের সার্বিক সহযোগিতা ও সম্পৃক্ততায় তিনি ময়মনসিংহকে আধুনিক নগরীতে পরিণত করতে চান। 

বুধবার (১৫ জুন) মউকের বিল্ডিং কনস্ট্রাকশন (বিসি) কমিটির প্রথম সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনার সময় তিনি এ অভিপ্রায় ব্যক্ত করেন। 

তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে নগরীর খাল ও বড় ড্রেনগুলো খনন করা হবে। এতে জলাবদ্ধতাসহ দূর হতে থাকবে নগরীর পুরোনো সব জঞ্জাল। তিনি আরও বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার আমলে প্রিয় ময়মনসিংহ নগরীকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা পর্যায়ক্রমে সেই জায়গা থেকে ফিরে আসতে চাই।

বুধবার (১৫ জুন) বিল্ডিং কনস্ট্রাকশন (বিসি) কমিটির প্রথম সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)। চেয়ারম্যান বলেন, এখন থেকে বাধ্যতামূলকভাবে নগরীর প্রতিটি ভবনে পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ব্যতিক্রম ঘটলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নকশা অনুমোদনের আগে সরেজমিনে জমি পরিদর্শন করা হবে। অনুমোদনের পর ৩ বছরের মধ্যে নির্মাণ কাজ শুরু না করলে নকশার অনুমোদন বাতিল হয়ে যাবে। ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন কার্যকর হওয়ার পর বিসি কমিটির অনুমোদনের মাধ্যমে নকশা পাস হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিপ্রায় অনুযায়ী ব্রহ্মপুত্র নদের ওপারে ৯৪৫ একর জমিতে পরিকল্পিত ও আধুনিক নতুন নগর গড়ে তোলা হবে। নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জন্য আবাসন, শিক্ষা প্রতিষ্ঠান এবং পার্কসহ আধুনিক সব নাগরিক সুবিধা থাকবে।

মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার জানান, নগরীর যানজট ও জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে। জনবল নিয়োগের পর নগরীর পুরোনো ভবনগুলো পরিদর্শন করা হবে। বিধি লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা আদায় করে সেই অর্থ নগর উন্নয়নে ব্যয় হবে। অবৈধ স্থাপনার অংশ ভাঙার পাশাপাশি মোডিফাই করার নির্দেশ দেওয়া হবে। ময়মনসিংহকে মেট্রোপলিটন এলাকা ঘোষণা এবং অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির প্রথম সভায় মউক চেয়ারম্যান সভাপতিত্ব করেন। সদস্য সচিব ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, স্থাপত্য অধিদপ্তরের সাইকা বিনতে আলম, মউকের অথরাইজড অফিসার ইফতেখার আলম ও পরিকল্পনা কর্মকর্তা ইশরাত জাহান এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, এরই মধ্যে নকশা অনুমোদনের জন্য মউকে কিছু আবেদন জমা পড়েছে। অনুমোদনের আগে মন্ত্রণালয় থেকে নিয়োগপ্রাপ্ত পরিদর্শকরা সরেজমিনে জমি পরিদর্শন করবেন। রাস্তার সংযোগ, নির্ধারিত সেটব্যাক, খোলা জায়গা এবং অন্যান্য বিধিমালা প্রতিপালন করা হয়েছে কি না, যাচাইয়ের পর নকশা অনুমোদন দেওয়া হবে। ভবন নির্মাণের সময়ও পরিদর্শকরা নিয়মিত কাজ পরিদর্শন করবেন। অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার গত ১১ জুন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) প্রথম চেয়ারম্যান নিযুক্ত হন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা তাকে (গ্রেড-২, অতিরিক্ত সচিব পদমর্যাদা) ১ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। বিএনপির একনিষ্ঠ কাণ্ডারী মোতাহার হোসেন তালুকদারের জন্য এটি সময়ের সেরা মূল্যায়ন বলে বিশ্লেষকরা মত প্রকাশ করেন। মোতাহার হোসেন তালুকদার প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ময়মনসিংহ নগরীর সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে আধুনিক নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি নাগরিক ভোগান্তি রোধে সব ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

মোতাহার হোসেন তালুকদার বিএনপির রাজনীতিতে একটি নাম। একটি অধ্যায়। ১৯৮২ সালে বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদল দিয়ে তিনি রাজনৈতিক জীবন শুরু করেন। ময়মনসিংহের অন্যতম কিংবদন্তি বিএনপি নেতা এ কে এম ফজলুল হকের নেতৃত্ব ও নির্দেশনায় ঝাঁপিয়ে পড়েন স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে। রাজনীতির মাঠে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পাশাপাশি মোতাহারকে দীর্ঘ ৪২ বছর অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপিতে ত্যাগী নেতাদের মধ্যে তিনি অন্যতম। বিচক্ষণতা ও দূরদর্শিতা দিয়ে ছাত্রদল, যুবদল ও বিএনপিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। বলিষ্ঠ কণ্ঠস্বর, কর্মঠ, ত্যাগী ও গুণী বিএনপি নেতা মোতাহার দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের কাছে ব্যাপক গ্রহণযোগ্য।

মোতাহার হোসেন তালুকদার খোলা কাগজকে বলেন, প্রধানমন্ত্রী আমার ওপর বিশ্বাস রেখে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন। আমি সেই বিশ্বাস রাখতে কাজ করে যাবো। এর আগেও তিনি আমাকে গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব দিয়েছেন। তিনি বলেন, আমরা ময়মনসিংহবাসীর জন্য ভালো কিছু করতে চাই। ধ্বংসের শেষ প্রান্তে যাওয়া ময়মনসিংহ নগরীকে পরিকল্পিত ও আধুনিক রূপ দিতে হবে। জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। অপরিকল্পিত এ নগরীকে বাস্তব রূপ দিতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

কেক/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ময়মনসিংহ নগরী   বাসযোগ্য   মউক চেয়ারম্যান  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close