ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ‘জনগণের আস্থা অর্জনই একজন পুলিশ সদস্যের সবচেয়ে বড় শক্তি। তাই পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে।’
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের ৫০০ জন প্রশিক্ষণার্থীর মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন তিনি।
তিনি বলেন, গণতান্ত্রিক পুলিশ ব্যবস্থার অন্যতম ভিত্তি হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মানবিক, বিনয়ী ও বন্ধুসুলভ আচরণ করতে হবে। সেবা নিতে আসা কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সদস্যদের সর্বদা সচেতন থাকার আহ্বান জানান তিনি।
বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর অপরাধের বিস্তার উল্লেখ করে আইজিপি বলেন, সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো এবং অন্যান্য ডিজিটাল অপরাধ দমনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রশিক্ষণার্থীদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আইজিপি বলেন, তাদের সন্তানরা আজ থেকে রাষ্ট্রসেবার একটি গৌরবময় দায়িত্ব পালনের সুযোগ পেল। তিনি নবীন কর্মকর্তাদের আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এই আদর্শকে ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমান উপস্থিত ছিলেন। সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
এ সময় রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, প্রশিক্ষণ সমাপ্তকারী এসআইদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী শ্রেষ্ঠ ক্যাডেট সাব-ইন্সপেক্টরদের হাতে পুরস্কার তুলে দেন।
কেকে/ এমএস