জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর দশমিনা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ্ আলম শানু, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ আকন, উপজেলা জামায়েত ইসলামি আমির রুহুর আমিন, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি কালাম পঞ্চায়েত, যুব অধিকার পরিষদের সভাপতি ইমরান শাহীন সহ জুলাই যোদ্ধা শহিদ ও আহত পরিবারের সদস্য গন।
সভায় জুলাই শহীদদের পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তাদের অন্যতম দাবি ছিল জুলাই শহীদদের স্মরণে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং সেখানে নামফলক সংযোজন। এছাড়া আহত জুলাই যোদ্ধাদের জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা, সরকার ঘোষিত আর্থিক সহায়তার কার্যকর বাস্তবায়ন এবং তাদের দীর্ঘ মেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এমন একটি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, যাতে তারা প্রতি মাসে নিয়মিত আয়ের সুযোগ পান
এছাড়া শহীদ পরিবারের সদস্যরা বলেন, দেশের জন্য আত্মত্যাগকারী সন্তানদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে হবে। হাসপাতালসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তাদের সম্মান প্রদর্শন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের দাবিও জানান তারা।
সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপস্থিত সবার অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মির্জা শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের উত্থাপিত দাবিগুলো প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। এ সময় প্রতিমন্ত্রী তাদের দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
কেকে/ এমএস